খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাতা বাড়ানোর দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার সকাল ১০টা থেকে প্রতীকী কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। চলবে বেলা ১টা পর্যন্ত। তবে ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

খুলনা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হাসানের ভাষ্য, ২০০৯ সালে সরকার ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ১০ হাজার টাকা নির্ধারণ করে। কিন্তু ছয় বছরেও তা আর বাড়ানো হয়নি। এ অবস্থায় ভাতা বাড়ানোর দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।

ইমরান হাসান আরও বলেন, রোগীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি স্কোয়াড প্রস্তুত রেখেছেন।

গতকাল শনিবার ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, চলতি বছরের মে মাস থেকে তাঁরা ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুরোধ করে আসছেন। মন্ত্রণালয় বরাবর চিঠিও দিয়েছেন। কিন্তু সরকার তাতে সাড়া দিচ্ছে না।

দেশে সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ৪ হাজার। আর বেসরকারি হাসপাতালে আছেন ৩ হাজার। সবাই এ আন্দোলনের সঙ্গে আছেন বলে দাবি করেন নেতারা।