খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগদান
টানা তিন দিন কর্মবিরতির পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা কাজে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় তাঁরা কাজে যোগ দেন।
গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এরপর ওই শিশুর বাবা দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে চিকিৎসকদের ওপর হামলা চালান। এ ছাড়া প্রায়ই চিকিৎসক লাঞ্ছনার ঘটনা ঘটছে এই হাসপাতালে। এসব ঘটনার প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছিলেন ইন্টার্ন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্র জানায়, শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি অনুযায়ী আপাতত বেলা দুইটার পর থেকে মূল ফটকে তিনজন প্রহরীর পাশাপাশি তিনজন পুলিশ সদস্য রাখা হচ্ছে। ২৬ নভেম্বর নিরাপত্তাব্যবস্থা আরও বাড়ানো যায় কি না, সে ব্যাপারে সবাইকে নিয়ে বসবেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
কাজে যোগ দেওয়ার বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি তন্ময় সাহা প্রথম আলোকে বলেন, গতকাল সকাল আটটা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা যাঁর যাঁর দায়িত্ব পালন করছেন। আপাতত হাসপাতাল কর্তৃপক্ষ একটি দাবির আংশিক পূরণ করেছে। আশ্বাস দিয়েছে আস্তে আস্তে দাবিগুলো পূরণ করার।