খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগদান
টানা তিন দিন কর্মবিরতির পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা গত রোববার থেকে কাজে যোগ দিয়েছেন। তবে নিরাপত্তাব্যবস্থাসহ চার দফা দাবি মানা না হলে আবারও আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হাসপাতালে আসা এক রোগীর আত্মীয় সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলামকে মারধর করেন। পরে হাসপাতালের কর্মীরা ওই স্বজনকে মারধর করেন। চিকিৎসককে মারধর করার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক পরিষদ বৃহস্পতিবার থেকে কর্মবিরতির কর্মসূচি শুরু করে। হাসপাতাল সূত্র জানায়, ইন্টার্ন পরিষদের দাবি অনুযায়ী গত রোববার রাত থেকে দর্শনার্থীদের হাসপাতালের ভেতরে প্রবেশের জন্য টোকেন ব্যবস্থা চালু করা হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে অধ্যক্ষ কাজী হামিদ আসগারের সভাপতিত্বে হাসপাতাল কর্তৃপক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতা ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ বৈঠক হয়। সভায় প্রশাসনের উপস্থিতিতে ঘটনার সঙ্গে জড়িত ওই রোগীর আত্মীয়স্বজন সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলামের কাছে ক্ষমা চান। সভা শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, কর্তৃপক্ষ চিকিৎসকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় সাত দিনের জন্য ইন্টার্ন চিকিৎসকদের সব আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অবস্থার উন্নতি না হলে আবারও আন্দোলন শুরু হবে।