খুলনা-যশোর-কলকাতা রুটে পরীক্ষামূলক বাস চালু
খুলনা-যশোর-কলকাতা রুটে আজ মঙ্গলবার পরীক্ষামূলক বাংলাদেশ-ভারত সৌহার্দ্য বাস সার্ভিস চালু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ভারতীয় ১২ জনের প্রতিনিধিদল নিয়ে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে দুটি বাস প্রবেশ করে।
১৯৯৮ সালে ঢাকা-কলকাতা রুটে দুই দেশের যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। গত বছর কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যেও চালু করা হয় যাত্রীবাহী বাস। এবার খুলনা-কলকাতা রুটে দুই দেশের বাস সার্ভিস চালু হচ্ছে।
আজ বিকেল সাড়ে চারটায় বাস দুটি বেনাপোলে পৌঁছালে বাংলাদেশ সরকারের পক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালাম ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের প্রধান পরিবহনসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
ভারতের প্রতিনিধিদল বেনাপোল স্থলবন্দর-সংলগ্ন পাটবাড়ি হরিদাস ঠাকুরের আশ্রম পরিদর্শন করেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসটি বেনাপোল ছেড়ে যায়। পরে যশোর সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদলের মতবিনিময় সভা হয়। সন্ধ্যায় বাস দুটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, খুলনা-যশোর-কলকাতা রুটে দুই দেশের সৌহার্দ্য বাস চলাচলে কোনো সমস্যা আছে কি না, তা দেখার জন্য পরীক্ষামূলকভাবে বাস দুটি বাংলাদেশে এসেছে।
খুলনা ও কলকাতার মধ্যে যৌথভাবে এ সেবা দেবে শ্যামলী যাত্রী পরিবহন ও পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম লিমিটেড। আগামী বছরের শুরু থেকে আনুষ্ঠানিকভাবে এ যাত্রা শুরু হবে। খুলনা-কলকাতার মধ্যে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০০ রুপি। আর খুলনা থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।