খুলনা যুবদলের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মাসের ব্যবধানে খুলনা জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির দুই নেতাসহ অন্যদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে তাঁদের বের করে দিয়ে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন যুবদলের নেতারা।যুবদলের নেতারা জানান, গত বছরের ২৪ অক্টোবর খুলনা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার রাতে ওই কমিটি বাতিল করা হয়। এর প্রতিবাদে যুবদলের নেতা-কর্মীরা গতকাল দুপুর ১২টার দিকে নগরের কে ডি ঘোষ সড়কে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে মহানগর বিএনপির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের কাছে কমিটি বাতিলের কারণ জানতে চান। একপর্যায়ে ক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই দুই নেতাসহ অন্য নেতা-কর্মীদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। বেলা আড়াইটার দিকে বিএনপির নেতা-কর্মীদের বের করে দিয়ে সেখানে সংবাদ সম্মেলন করেন যুবদলের নেতারা। সংবাদ সম্মেলন থেকে বিএনপির চেয়ারপারসান খালেদা জিয়ার প্রতি যুবদলের খুলনা জেলা কমিটি পুনর্বহাল করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন যুবদলের নেতারা।যুবদলের বিলুপ্ত কমিটির সভাপতি মনিরুজ্জামান বলেন, ‘কোনো অভিযোগ বা কারণ ছাড়াই কমিটি বাতিল করার প্রতিবাদে আমরা বিএনপি নেতাদের অবরুদ্ধ করি। পরে তাঁদের বের করে দিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছি। আমাদের কমিটি পুনর্বহাল করা না হলে প্রয়োজনে খুলনায় হরতালও পালন করব।’তালা দেওয়ার ব্যাপারে মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘আমরা আগেই বের হয়ে এসেছি। শুনেছি যুবদল নেতারা তাঁদের কমিটি বাতিলের প্রতিবাদে অফিসে তালা ঝুলিয়েছে।’