খুলনা রেলওয়ের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা রেলওয়ের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের উদ্যোগ থমকে গেছে। হাতছাড়া হয়ে যাওয়া জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান, বস্তি, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও স্কুল।রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা মহানগরের ৪, ৫, ৬ ও ৭ নম্বর ঘাট এলাকার একাংশ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, মশিউর রহমান মার্কেট, সোহরাওয়ার্দী মার্কেট, সাইকেল মার্কেট, ডাকবাংলো সুপার মার্কেট, নিক্সন মার্কেট, দরবেশ মার্কেট, জব্বার বিপণি, ভাসানী মার্কেট, ১ নম্বর লঞ্চঘাট এলাকার রেলওয়ে কর্মচারী মার্কেট, শেরেবাংলা মার্কেট, কেডিএ নিউমার্কেটের সামনে সুপার মার্কেট ও স্টেশন রোড মার্কেট এই বিশাল এলাকা নিয়ে খুলনা রেলওয়ের সম্পত্তি।সরেজমিনে দেখা গেছে, রেলওয়ে স্টেশনের পাশে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ের কাছে রেলওয়ের প্রায় ছয় একর জায়গায় গড়ে উঠেছে অসংখ্য বস্তি, ছোট ছোট দোকান, বাঁশ, বেড়া, হোগলা ও গোলপাতা বিক্রির ঘর। রেলওয়ের ৫ ও ৬ নম্বর ঘাট এলাকার এরশাদ আলী বিদ্যালয়ের পেছনে প্রায় নয় একর জমির ওপর গড়ে উঠেছে প্রায় ৮০০ বস্তিঘর। রেলওয়ের ৬ নম্বর ঘাট এলাকায় চার একর জমিতে বালুর ব্যবসা চলছে। নগরের জোড়াগেট এলাকার পেছনে দুই একর জমিতে গড়ে উঠেছে দোকানঘর ও বস্তি। এ ছাড়া খুলনা রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসের সামনে প্রায় এক একর জমির ওপর গড়ে উঠেছে ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান ও ঝুপড়িঘর। নিক্সন মার্কেটের পশ্চিম পাশের মানিক মিয়া শপিং কমপ্লেক্সের আওতায় ১৪৫টি দোকানের মধ্যে ১৫টিই অবৈধভাবে বর্ধিত জায়গায় গড়ে উঠেছে। স্টেশন রোড এলাকার ব্যবসায়ী আবদুল গাফ্ফার বলেন, দখলদারেরা স্থানীয় রাজনীতিবিদদের মাধ্যমে এসব স্থানে স্থাপনা গড়ে তুলেছেন। ওই সব রাজনীতিবিদের সঙ্গে রেলওয়ের গুটি কয়েক কর্মকর্তার যোগসাজশ রয়েছে। সরকার বদল হলে কেবল হাত বদল হয়। রাজনীতিবিদদের কারণে রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলেও সফল হতে পারেননি। একই ধরনের কথা বলেন ব্যবসায়ী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, শেখ মাহবুব আলম প্রমুখ।খুলনা রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের (কাচারী) কানুনগো আবদুর রাজ্জাক বলেন, ‘এসব অবৈধ দখলদারকে উচ্ছেদের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কিন্তু লোকবলের অভাবে তা সময়মতো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।’ তিনি জানান, খুলনা রেলওয়ের মোট জমির পরিমাণ ১৯৫ একর। এর মধ্যে রেলওয়ের নিজস্ব কাজে (অপারেশনাল) ব্যবহূত হচ্ছে ১৪০ একর। বাণিজ্যিক কাজে ১০ একর, কৃষি কাজে নয় একর, মৎস্য চাষে ১৩ একর ব্যবহূত হচ্ছে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রয়েছে আড়াই একর জমি। এসব জমির মধ্যে ২০ থেকে ২২ একর জমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে। দখলদারেরা এসব জমির ওপর মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, বস্তি ও দোকানঘর (মার্কেট) বানিয়েছে। এ ছাড়া খুলনা থেকে নওয়াপাড়া, রূপসা থেকে বাগেরহাট এবং রূপসা থেকে মংলা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকা খুলনা কাচারীর অধীন। প্রায় এক হাজার ৫০০ একর জমি খুলনা কাচারীর মাত্র তিনজন লোকবল দিয়ে দেখভাল ও রক্ষণাবেক্ষণ, লাইসেন্স ফি আদায়, আদালতে মামলা পরিচালনা, অবৈধ দখল প্রতিহত ইত্যাদি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কাজগুলো সুষ্ঠুভাবে করতে গেলে আরও লোকবল প্রয়োজন। তবে তিনি অবৈধ দখলদারদের কাছ থেকে মাসোহারা নেওয়ার কথা অস্বীকার করেন।বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় বলেন, রেলওয়ের বেদখল হয়ে যাওয়া জমিতে উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে খুলনা কাচারী। তবে লোকবলের অভাবের কারণে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য খুলনা নগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘২০১০ সালের মার্চে যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে তা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় আমি অবৈধ দখলদারদের নামের তালিকা তৈরির জন্য খুলনা রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। অবৈধ দখলদারদের নামের তালিকা তৈরি হয়েছিল। কিন্তু এরপর আর বেশি দূর এগোয়নি।’