খুলনা রেলস্টেশনের আধুনিকায়ন কত দূর
দীর্ঘদিনেও খুলনা রেলস্টেশনের আধুনিকায়ন হয়নি। প্ল্যাটফর্ম নিচু হওয়ায় এ স্টেশন দিয়ে চার ফুট উঁচু সিঁড়ি বেয়ে ট্রেনে ওঠানামা করতে হয়। এভাবে ওঠানামা করতে গিয়ে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন। স্টেশনটির বিশ্রামাগার অপরিচ্ছন্ন ও নোংরা। এসব কারণে যাত্রীরা এখানে এসে অস্বস্তিতে ভোগেন।স্টেশন সূত্রে জানা গেছে, ১৮৬৪ সালে খুলনা-যশোর অঞ্চলে রেল লাইনের সম্প্রসারণ ঘটে। সেই সময়ই নগরের পাওয়ার হাউস মোড়ের উত্তর পাশে রেলস্টেশনটি স্থাপন করা হয়। একটি বড় শেডের নিচে এই স্টেশন। টিকিট কাটার জন্য একটি কাউন্টার আছে। কাউন্টারের পাশেই বিশ্রামাগার। কিন্তু প্রায় সময়ই এটি অপরিচ্ছন্ন থাকে। এ কারণে যাত্রীরা এখানে বসতে চান না। এক পাশে স্টেশনমাস্টারের একটি কক্ষ। বর্তমানে ১০টি ট্রেন এ স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। প্রতিদিন গড়ে পাঁচ হাজার যাত্রী এই স্টেশনে ওঠানামা করেন। স্টেশনের টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, গত অক্টোবরে স্টেশনে টিকিট বিক্রি বাবদ আয় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ১৩৪ টাকা। কিন্তু এর পরও স্টেশনের উন্নয়নে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্ল্যাটফর্ম নিচুতে হওয়ায় যাত্রীরা ট্রেনে ওঠানামা করতে গিয়ে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন।বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত স্টেশনে অবস্থান করে যাত্রীদের ভোগান্তির দৃশ্য দেখা যায়। এ সময় রাজশাহী থেকে স্ত্রী ও শিশুসন্তান নিয়ে আসা সুমন দাস বলেন, ‘প্ল্যাটফর্ম নিচুতে হওয়ায় আমাদের আগে নামা এক পুরুষ যাত্রীকে ডেকে আমার বাচ্চাকে ধরতে অনুরোধ করি। তিনি ধরলে আমি নিচে নেমে বাচ্চাকে এক হাতে কোলে নিই।’ ৭০ বছরের জবেদা বেগমকে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামানোর সময় তাঁর ছেলে শহিদুল ইসলাম জানান, অন্যান্য বড় স্টেশনে ট্রেনের দরজাসমান উচ্চতায় প্ল্যাটফর্ম রয়েছে। শুধু খুলনা স্টেশনে প্ল্যাটফর্ম নিচুতে হওয়ায় যাত্রীদের কষ্ট করে ওঠানামা করতে হয়।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফুজ্জামান জানান, খুলনা রেলস্টেশনে খাড়া সিঁড়ি বেয়ে যেকোনো বয়সের যাত্রীই ওঠানামা করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য জরাজীর্ণ এই স্টেশনের আধুনিকায়নের দাবিতে পাঁচ বছর ধরে মিছিল, সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আধুনিক রেল স্টেশনের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত খুলনাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।খুলনা স্টেশনের স্টেশনমাস্টার কাজী আমিরুল ইসলাম জানান, স্টেশনটি আধুনিকায়নের বিষয়টি প্রায়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমরা খুলনাবাসীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে রেলস্টেশনের আধুনিকায়নের দাবিতে আন্দোলন করছি। বর্তমানে স্টেশন আধুনিকায়নের প্রকল্পটি একনেকে পাস হওয়ার অপেক্ষায় আছে।’