খুলনা শহরের ১২টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু
খুলনা শহরের ১২টি পয়েন্টে ৬টি ট্রাকে করে গতকাল বুধবার টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই ক্রেতাদের ভালো সাড়া মিলেছে। কালোবাজারি ঠেকাতে টিসিবিও কঠোর ব্যবস্থা নিয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খুলনা কার্যালয় সূত্র জানায়, এ বছর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তুরস্ক থেকে আমদানি করা মসুর ডাল ৮৯ টাকা ৯৫ পয়সা এবং প্রতি লিটার পুষ্টি সয়াবিন তেল ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। ৬টি ট্রাকের প্রতিটিতে প্রতিদিন ৫০০ কেজি করে চিনি, ২০০ কেজি ডাল ও ৪০০ লিটার তেল দেওয়া হচ্ছে। বিক্রি চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
সূত্রটি জানায়, জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলাদেশ ব্যাংক মোড়, নতুন বাজার ও রূপসা ট্রাফিক মোড়, ময়লাপোতা ও নিরালা মোড়, নিউমার্কেট ও বয়রা বিভাগীয় কমিশনারের কার্যালয়, খালিশপুর ও চিত্রালী বাজার এবং দৌলতপুর ও মহসিন মোড়ে টিসিবির পণ্য বিক্রি চলছে। পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিংয়ের জন্য মাঠে থাকছেন ছয়জন প্রতিনিধি।
জেলা পরিষদের মোড় ও রূপসা ট্রাফিক মোড়ে গিয়ে দেখা যায়, টিসিবির ট্রাকের সামনে ক্রেতাদের বেশ ভিড়। নিম্নবিত্তদের পাশাপাশি নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও টিসিবির পণ্য কিনছেন। সুমন আহমেদ নামের এক ক্রেতা বলেন, এবার পণ্যের মান খুব ভালো, দামও কম। ৫ লিটার তেল বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। বাজারে যার দাম ৪৪০ থেকে ৪৫০ টাকা। চিনির দামও বাজারের চেয়ে অন্তত ১০ টাকা কম।
টিসিবি খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ বলেন, এবার তদারকিতে কঠোর ব্যবস্থা আনা হয়েছে। কেউ ট্রাকে পণ্য বিক্রি না করে কালোবাজারি করতে গিয়ে ধরা পড়লে তাঁর লাইসেন্স ও জামানাত বাজেয়াপ্ত করা হবে। মামলাও করা হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না।