দেশের মাটিতে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ বা লার্জ পেট্রল ক্র্যাফট (এলপিসি) তৈরি করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ড। আর্থিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে জাহাজ নির্মাণের ইতিহাসে এটিই সবচেয়ে বড় প্রকল্প। আগামীকাল রোববার এ জাহাজ নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলাদেশ নৌবাহিনীর নৌকল্যাণ ফাউন্ডেশনের জন্য নির্মিত আন্তর্জাতিক মানের দুটি কন্টেইনারবাহী জাহাজও উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাহাজ দুটিও নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড।
এর আগে ২০১৩ সালে পাঁচটি ছোট যুদ্ধজাহাজ (পেট্রল ক্র্যাফট) তৈরি করে বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে নতুন অধ্যায় শুরু করেছিল খুলনা শিপইয়ার্ড। সেই অভিজ্ঞতা থেকেই এবার বড় আকারের অত্যাধুনিক দুটি যুদ্ধজাহাজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
খুলনা শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, জাহাজ নির্মাণের জন্য গত বছরের ৩০ জুন নৌবাহিনীর সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি জাহাজের নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।
লার্জ পেট্রল ক্র্যাফট দুটি লম্বায় ৬৪ দশমিক ২ মিটার এবং ৯ মিটার চওড়া হবে। এর গভীরতা হবে ৫ দশমিক ১ মিটার। সমুদ্রপথে ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল বেগে চলার সক্ষমতা থাকবে জাহাজ দুটির। পেট্রল ক্র্যাফট দুটি সমুদ্র তলদেশে, সমুদ্র উপরিভাগে ও বায়ুমণ্ডলীয় লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে আঘাত হানতে সক্ষম। ৭০ জনের ধারণক্ষমতার এ জাহাজ দুটির নির্মাণকাজ শেষ হতে দুই বছর লাগবে। চীনের যুদ্ধজাহাজ বিশেষজ্ঞরা এতে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছেন।
আর যে কন্টেইনার জাহাজ দুটি উদ্বোধন করা হবে, তার দৈর্ঘ্য ৭৫ মিটার, প্রস্থ ১৩ দশমিক ৫ মিটার, গভীরতা ৭ দশমিক ৮ মিটার। ১৪০টি করে কন্টেইনার বহন করতে পারবে জাহাজ দুটি। এগুলো দেশের অভ্যন্তরীণ নৌপথে পণ্য নিয়ে বিশেষত চট্টগ্রাম থেকে পানগাঁও ও মংলা বন্দর হয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে সহজেই চলাচল করতে পারবে।
খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম খুরশীদ মালিক প্রথম আলোকে জানান, দেশের জন্য সাধারণত চীন, ইংল্যান্ড, আমেরিকা ও কোরিয়া থেকে যুদ্ধজাহাজ কেনা হয়ে থাকে। দেশের মাটিতে এ ধরনের যুদ্ধজাহাজ তৈরি করা হলে খরচ প্রায় ৩০ শতাংশ কম হবে। জাহাজে থাকবে স্বয়ংক্রিয় মিসাইলসহ অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র।