খুলনা শিপইয়ার্ডের যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাছে হস্তান্তর
‘দেশের সমুদ্রসীমা বেড়ে যাওয়ায় যুদ্ধজাহাজের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। যুদ্ধজাহাজ নির্মাণে খুলনা শিপইয়ার্ড লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জন্য আমরা গর্ববোধ করি। খুব শিগগির খুলনা শিপইয়ার্ড আরও যুদ্ধজাহাজসহ আধুনিক জাহাজ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।’
খুলনা শিপইয়ার্ডে নির্মিত দ্বিতীয় যুদ্ধজাহাজ ‘সুরমা’ গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এনডিসি, পিএসসি এসব কথা বলেন।
খুলনা শিপইয়ার্ডে ওই অনুষ্ঠানে এম ফরিদ হাবিব আরও বলেন, ‘সমুদ্রসীমা রক্ষা, চোরাচালান রোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ ও দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলাসহ জাতীয় প্রতিরক্ষায় যুদ্ধজাহাজটি মুখ্য ভূমিকা পালন করবে। বিগত সময়ে যুদ্ধজাহাজের জন্য আমাদের দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করেছে। কিন্তু বর্তমানে খুলনা শিপইয়ার্ড লিমিটেড যুদ্ধজাহাজ নির্মাণ করে নতুন আশার সঞ্চার করেছে। ভবিষ্যতে তারা জাহাজ রপ্তানি করবে।’ গতকাল নৌবাহিনীর কাছে হস্তান্তর করা যুদ্ধজাহাজটি ৫০ দশমিক ৪০ মিটার দীর্ঘ, ৭ দশমিক ৫০ মিটার প্রস্থ এবং ৪ দশমিক ১০ মিটার গভীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর রিয়াজ উদ্দিন আহমেদ। এ সময় ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, চায়না শিপ বিল্ডিং অ্যান্ড অফসোর ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের প্রতিনিধি, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।