খুলনা শিপইয়ার্ড আধুনিক যুদ্ধজাহাজ রপ্তানি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলায় নৌ-জেটি দিগরাজে গতকাল নৌবাহিনীর জন্য দেশে নির্মিত প্রথম তেলবাহী ফ্লিট ট্যাংকার বানৌজা খানজাহান আলীর কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
মংলায় নৌ-জেটি দিগরাজে গতকাল নৌবাহিনীর জন্য দেশে নির্মিত প্রথম তেলবাহী ফ্লিট ট্যাংকার বানৌজা খানজাহান আলীর কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুলনা শিপইয়ার্ডে দুটি ‘লার্জ প্যাট্রল ক্রাফট’ (এলপিসি) নির্মাণকাজ শুরুর মাধ্যমে দেশে জাহাজনির্মাণ শিল্পে নতুন দিগন্তের উন্মোচন হলো। এই শিপইয়ার্ড আগামী দিনে উন্নত ও আধুনিক যুদ্ধজাহাজ রপ্তানিতে সক্ষম হবে।
গতকাল রোববার বিকেলে খুলনা শিপইয়ার্ডে কবুতর ও বেলুন উড়িয়ে এলপিসি দুটির নির্মাণকাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই আশাবাদ ব্যক্ত করেন। একই অনুষ্ঠানে তিনি নৌবাহিনীর জন্য কনটেইনারবাহী জাহাজ উন্মুক্ত করেন। খবর বাসসের।
খুলনা শিপইয়ার্ড বাংলাদেশ নৌবাহিনীর জন্য বর্তমানে বড় ও ছোট যুদ্ধজাহাজ নির্মাণ ও সংস্কারের পাশাপাশি সমুদ্রগামী বড় ও মাঝারি জাহাজ তৈরি করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্ববাজারে জাহাজের চাহিদা বৃদ্ধির সুবর্ণ সুযোগ কাজে লাগাতে শুরু করেছে। এখন অনেক দেশ খুলনা শিপইয়ার্ডের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তাদের সঙ্গে যোগাযোগ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাহাজ নির্মাণ, প্রয়োজনীয় ড্রেজিং ও অন্যান্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। এই প্রেক্ষাপটে খুলনা শিপইয়ার্ড হচ্ছে বাংলাদেশের কৌশলগত সম্পদ। এর আরও উন্নয়ন ও গতিশীলতায় তাঁর সরকার অঙ্গীকারবদ্ধ।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের আমলে ১৯৯৯ সালে নৌবাহিনীকে খুলনা শিপইয়ার্ড হস্তান্তরের উদ্দেশ্য আজ সফল হয়েছে। পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণের পর এখন লার্জ প্যাট্রল ক্রাফ্ট নির্মাণকাজের মাধ্যমে এই সংস্থা দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াল।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে নৌবাহিনীর নৌ-কল্যাণ ফাউন্ডেশনের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেডের নবনির্মিত আধুনিক কনটেইনারবাহী জাহাজ এই ইয়ার্ডের বিকাশমান কারিগরি ও প্রযুক্তিগত অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে, যা জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, অভ্যন্তরীণ নৌ রুটে কনটেইনার জাহাজে বিশেষ করে চট্টগ্রাম, পানগাঁও ও মংলা বন্দর থেকে প্রতিবেশী দেশগুলোতে সহজেই পণ্য পরিবহন করা যায়। এই প্রচেষ্টায় পাশে রয়েছে এমন বন্ধুপ্রতিম দেশগুলোকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে এ ধরনের যৌথ উদ্যোগ আমাদের দীর্ঘদিনের বিদ্যমান সম্পর্ক আরও সংহত করবে এবং একই সঙ্গে এ ধরনের উদ্যোগের ফলে কার্যকর প্রযুক্তি হস্তান্তর সম্ভব হবে।’
শ্রমিকদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করতে তাঁর সরকার সর্বদা সক্রিয় রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংশোধনীর মাধ্যমে শ্রম আইন, ২০০৬ সময়োপযোগী করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, খুলনা শিপইয়ার্ড দেশের জন্য যুদ্ধজাহাজ নির্মাণে পথিকৃতের ভূমিকা পালন করছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করার প্রক্রিয়া হিসেবে বিদেশ থেকেও যুদ্ধজাহাজ আমদানি করা হচ্ছে।
বিএনএস তিতুমীর নৌ ঘাঁটি থেকে খুলনা শিপইয়ার্ডে যাওয়ার পথে হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান ও খুলনা শিপইয়ার্ডের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব এবং শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম খুরশিদ মালিক বক্তৃতা করেন।