খুলনা সদর থানায় শিশু নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলালের বয়স নয় থেকে ১০ বছর। ক্ষুধার তাড়নায় একটুকরো লোহার রড চুরি করায় মঙ্গলবার খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে তাকে মারধর করে পুলিশ। শুধু তাই নয়, তাকে হাতকড়া পরিয়ে, চোখ বেঁধে দুই হাতে দেওয়া হয়েছে বৈদ্যুতিক শক। বিষয়টি জানাজানি হলে সাংবাদিকেরা ভিড় জমান থানায়। এ সময় কৌশলে শিশুটিকে নিয়ে থানা ত্যাগ করেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান। খুলনা রেলস্টেশন এলাকায় শিশুসহ ওই এসআইকে পেয়ে শিশুর অপরাধ সম্পর্কে জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিশু বেলাল বলে, ‘স্যার, আলকাতরা মিল এলাকা থেকে একটুকরা লোহার রড নিছিলাম। ওই রড বিক্রি করে একটা রুটি খেতে চাইছিলাম। লোকজন আমারে ধরে মারছে। তার পরে পুলিশের কাছে দেছে। থানায় আইনে আমার চোখ বাঁইধে হাতে শিকল পরায়। এ সময় আমার হাতে কারেন্টের শক দেছে।’বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম জানান, ১০ বছরের শিশু যত বড় অপরাধই করুক, কোনো অবস্থাতেই পুলিশ তাকে হাতকড়া পরিয়ে এবং চোখ বেঁধে বৈদ্যুতিক শক দিতে পারে না। খুলনা থানার ওসি এস এম কামরুজ্জামান নির্যাতনের ঘটনা অস্বীকার করে বলেন, তাকে শুধু ভয় দেখানো হয়েছে। ছেলেটি ছোট হলেও পাকা চোর। সে আটটি চুরির ঘটনা স্বীকার করেছে।অপরাজেয় বাংলাদেশের শিশু উন্নয়ন ব্যবস্থাপক মাহবুবুল আলম জানান, গতকাল বুধবার দুপুরে বেলালকে তাদের আশ্রয়কেন্দ্র থেকে খুলনা থানায় নেওয়া হয়। বেলা তিনটার দিকে মা শাহীনুর বেগমের কাছে বেলালকে বুঝিয়ে দেওয়া হয়। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।