খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসের ছাদে চলছে যাত্রীরা
দেশে সড়ক দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ব্যাপার হলেও ঝুঁকি নিয়ে যাত্রীদের চলাচল থেমে নেই। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে চলাচলকারী বাসগুলো ছাদ বোঝাই করে নেয় যাত্রী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে গিয়ে খোয়া বেরিয়ে অসংখ্য খানাখন্দে ভরে গেছে। গত মঙ্গলবার খুলনার গল্লামারী, জিরোপয়েন্ট ও ডুমুরিয়ার চুকনগর এলাকায় অবস্থান করে দেখা গেছে, সাতক্ষীরা, তালা, পাইকগাছা ও কয়রার পথে চলাচলকারী বাসগুলোর ছাদবোঝাই যাত্রী। বাসের ছাদে জায়গা না পেয়ে অনেকে ছাদে ওঠার সিঁড়ির রড ধরে ঝুলে আছে।বাসের ছাদে চলাচলকারী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা বিভিন্ন গ্রাম থেকে শহরে আসেন রিকশা চালাতে। সকালে আসেন আবার বিকেলে ফিরে যান। বাসের ছাদে বসে কম খরচে যাতায়াত করা যায় বলে এ স্থানটি তাঁরা বেছে নিয়েছেন। প্রায় ছয় মাস ধরে খুলনা শহরে রিকশা চালাচ্ছেন আলমগীর সরদার (৩০)। তিনি চুকনগর থেকে প্রতিদিন সকালে খুলনায় আসেন। তিনি বলেন, ‘কম ভাড়া দিলি হয়, তাই ছাদে যাই। এনতে (এখান থেকে) ৩৫ টাকা চুকনগরের ভাড়া। আর ছাদে গেলি ১০-১২ টাকায় হুইয়ে (হয়ে) যায়।’ দুধ ব্যবসায়ী খালিদ হোসেন বলেন, ‘তিন বছর ধইরে খুলনায় দুধ নিয়ে আসি। প্রায়ই ছাদে বসে আসা-যাওয়া করি। এহন রাস্তা সব ভাঙ্গে গেছে, গাড়ি ব্রেক করলি মাঝে মাঝে পইড়ে যাওয়ার মতো হয়।’নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা-সাতক্ষীরা সড়কের একজন বাসচালক বলেন, ‘জানি অতিরিক্ত যাত্রী নিয়ে বাস চালানো বে-আইনি। তারপরও যাত্রীরা ওঠে, আমরা আর না বলি না। ওদের একটু লাভ হয়, আমাদের দু-পয়সা হয়।’জেলা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রক আবদুল হালিম বলেন, ‘বাসের ছাদে যাতে যাত্রী না নেয়, সে জন্য প্রতিনিয়ত আমরা ব্যবস্থা নিচ্ছি। কখনো র্যাব নিয়ে, আবার কখনো আমরা নিজেরা অভিযান চালাচ্ছি। অপরাধীদের বিরুদ্ধে মামলা করছি, জরিমানা করছি। তারপরও কিছু অর্থলোভী চালক ও হেলপার এ ধরনের কাজ করছেন।’খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার গতকাল বুধবার মুঠোফোনে বলেন, ‘জনগণকে আরও সচেতন হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি দায়িত্বরত ট্রাফিক পুলিশদের নির্দেশ দিয়ে দিচ্ছি, যাতে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।’