খুলনা হার্ডবোর্ড কল বন্ধ এক মাস, কষ্টে শ্রমিক
খুলনা সরকারি হার্ডবোর্ড মিলটি (কল) এক মাস ধরে বন্ধ রয়েছে। মূলধনের অভাবে এটি বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি বন্ধ থাকায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারী দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। এ কারণে পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে দিন কাটছে তাঁদের।কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৫ সালে ভৈরব নদীর পশ্চিম পাড়ে খুলনার খালিশপুরে ৯.৬৬ একর জমিতে কলটি স্থাপন করা হয়। ১৯৭২ সালে এটি জাতীয়করণ করা হয়। সেই থেকে ২০০২ সাল পর্যন্ত এটি লাভজনক প্রতিষ্ঠান ছিল। ’৮৯-৯০ সালে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) খুলনা হার্ডবোর্ড কলকে শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পুরস্কার দেয়। এখানে ১১ জন কর্মকর্তা স্থায়ীভাবে কাজ করেন। এ ছাড়া এখানে ২২৯ জন শ্রমিক দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। মিলের যন্ত্রাংশের আধুনিকায়ন না হওয়ায় উৎপাদন ৫০ শতাংশে নেমে এসেছে।কারখানার প্রধান (ব্যবস্থাপনা পরিচালক) কাজী রুহুল আমিন বলেন, অর্থ সংকট, ফার্নেস তেলের উচ্চমূল্য ও বিদ্যুৎ সংকটের কারণে লাভজনক প্রতিষ্ঠানটি আজ লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কাজী রুহুল আমীন আরও বলেন, চলতি মূলধনের অভাবে সাময়িকভাবে এটি বন্ধ রয়েছে। মিলটির আধুনিকায়নের জন্য সরকারের কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে। টাকা পেলেই চালু হবে।কারখানার ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবদুল হান্নান বলেন, ‘কর্তৃপক্ষ টাকার অভাবে কাঠ-তেল-মেশিনারি কিনতে পারছে না। এক মাসেরও বেশি সময় ধরে মিল বন্ধ। দুই মাসের বেতনও পাইনি। আমরা শ্রমিক-কর্মচারীরা যে কীভাবে বাঁচে আছি তা বোঝানে যাবে না। অনেকে রিকশা ও ভ্যান চালিয়ে ও দিনমজুরি করে সংসার চালাচ্ছে।’শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী খুলনা-৩ (খালিশপুর) আসনের সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘দেশের হার্ডবোর্ড মিলটি জরুরিভাবে চালু করতে আমি এক কোটি টাকা বরাদ্দের জন্য লিখেছি। ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীকেও অনুরোধ করেছি। আশা করছি দ্রুত ব্যবস্থা হবে।’