খুলনাবাসীর সেবায় সাত দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে সিটি হাসপাতাল নির্মাণ, ২২ খালের ওপর অবৈধ দখলদারদের উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করাসহ সাত দফা দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’।
গতকাল মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাসের সঙ্গে মতবিনিময় করে সংগঠনটির নেতারা এসব দাবি জানান। মতবিনিময় শেষে ভারপ্রাপ্ত মেয়রের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। জনউদ্যোগের অন্য দাবিগুলো হচ্ছে যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল বাতি সংস্কার ও চালু করা, যানবাহনের লাইসেন্স যৌক্তিক পর্যায়ে রাখা, শিশুপার্কগুলো সংস্কার এবং বর্জ্য অপসারণে দূষণমুক্ত সেকেন্ডারি ডাম্পিং ব্যবস্থা করা।
নগরসেবা বাড়ানোর তাগিদ দিয়ে নেতারা বলেন, মশার কারণে নগরবাসী অতিষ্ঠ। বাড়ি থেকে বেরিয়েই আবর্জনা আর দুর্গন্ধময় পরিবেশের কবলে পড়তে হয়। ইজিবাইকসহ ব্যাটারিচালিত যান মাত্রাতিরিক্ত বেড়েছে। এসব সমস্যা সমাধান করে সিটি করপোরেশনকে নগরসেবা বাড়াতে হবে। জনউদ্যোগ খুলনার আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব মহেন্দ্র নাথ সেন।