
খুলনা শহরে শব্দদূষণ সহনীয় মাত্রা ছাড়িয়েছে। তবে দূষণরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই বললেই চলে। এতে শব্দদূষণজনিত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শহরবাসী।
হাইড্রোলিক হর্ন ব্যবহার, অনিয়ন্ত্রিত যান চলাচল ও উচ্চ স্বরে মাইকিং—এই দূষণের প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, শব্দদূষণ শিশু, অন্তঃসত্ত্বা ও হৃদ্রোগীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
খুলনা পরিবেশ অধিদপ্তরের ২০১৬ সালের মে থেকে আগস্ট পর্যন্ত শব্দের মাত্রার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শব্দের সহনীয় মাত্রা ৬০ ডেসিবল পেরিয়ে গেছে। গল্লামারী মোড়ে ৮২ ডেসিবল, ফুলবাড়ী গেট মোড়ে ৭৮, কৈয়া বাজার মোড়ে ৭৮, ডিসি অফিস মোড়ে ৭৭, ডাকবাংলা মোড়ে ৭৫, শিরোমণি বাজারে ৭৬, নতুন রাস্তা মোড়ে ৭৪, বিএল কলেজ মোড়ে ৭৩, শিববাড়ি মোড় ও নিউমার্কেট মোড়ে ৭২, শান্তিধাম মোড়ে ৭০, পিটিআই মোড়ে ৬৯ এবং চিত্রালী মোড়ে ৬৪ ডেসিবল পর্যন্ত শব্দের মাত্রা। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুসারে নীরব এলাকায় দিনে ৪৫ ডেসিবল এবং রাতে ৩৫ ডেসিবলের মধ্যে শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাসিক এলাকায় এই মাত্রা দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবল। এ ছাড়া বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবল, শিল্প এলাকায় দিনে ৭৫ ডেসিবল ও রাতে ৭০ ডেসিবল এবং মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবল শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিধিমালা লঙ্ঘনের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে প্রথমবার এক মাস কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে। পরবর্তী সময়ে একই অপরাধে ছয় মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান যুক্ত হয়েছে।
খুলনা বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মিত জরিমানা করছি এবং সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছি। তবে মোটরযান আইনে নিষিদ্ধ হর্ন ব্যবহারে মাত্র ১০০ টাকা জরিমানার বিধান আছে। এই আইনে জরিমানা করলে তা দিতে কারও গায়ে লাগে না। শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করলে সুফল মিলবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইএইচও) মতে, মিশ্র এলাকায় শব্দের স্বাভাবিক মাত্রা ৬০ ডেসিবলের বেশি হলে মানুষের সাময়িক বধিরতা এবং শব্দের মাত্রা ১০০ ডেসিবল হলে তা স্থায়ী বধিরতা সৃষ্টি করতে পারে।
খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ও হৃদ্রোগ বিশেষজ্ঞ বিধান চন্দ্র গোস্বামী প্রথম আলোকে বলেন, উচ্চমাত্রার শব্দ মানবদেহে রক্তচাপ ও হৃৎকম্পন বাড়িয়ে মৃত্যুঝুঁকি পর্যন্ত তৈরি করতে পারে। এ ছাড়া শ্রবণশক্তি কমে যাওয়া এবং বধির হওয়ার মতো অবস্থারও সৃষ্টি হতে পারে। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তারা অমনোযোগী হয়ে পড়ে লেখাপড়ায়।
খুলনার নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ কাজী আবু রাশেদ বলেন, ক্রমাগত শব্দদূষণে কানের টিস্যুগুলো আস্তে আস্তে বিকল হয়ে পড়ে। এ ছাড়া মাত্রাতিরিক্ত শব্দ স্নায়ু দুর্বল করে, মাথা যন্ত্রণা, অস্থিরতা ও কর্মদক্ষতা কমিয়ে দিতে পারে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান বলেন, হাইড্রোলিক হর্ন ও যানবাহনে মাত্রাতিরিক্ত শব্দ বন্ধে এখনই সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ না নিলে শব্দদূষণ আরও ভয়াবহ আকার ধারণ করবে। শব্দদূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতাও বাড়াতে হবে।
খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মল্লিক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খুলনায় শব্দের মাত্রা মানমাত্রা ছাড়িয়ে দূষণ পর্যায়ে চলে গেছে। আইন প্রয়োগে কিছুটা সীমাবদ্ধতা আছে। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করা ছাড়া এই দূষণ রোধ সম্ভব না।