খুলনায় আ.লীগ নেতাকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ইফতারে যোগদান এবং খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেকের বিপক্ষে কাজ করার অভিযোগে খুলনা মহানগরের দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে। নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম জানান, গত শুক্রবার নগরের শিববাড়ি এলাকার একটি হোটেলে হেফাজতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন কেসিসির প্যানেল মেয়র ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান। এ ছাড়া তিনি গত ১৫ জুন কেসিসি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার নগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, হেফাজতের ইফতারে তিনি যাননি। তাঁর এলাকার একজনকে তিনি ওই অনুষ্ঠানস্থলের ফটকে নামিয়ে দিয়ে চলে আসেন। শোকজের নোটিশ এখনো পাননি। এ ধরনের শোকজ হলে তিনি জবাব দেবেন।