খুলনায় আবহাওয়ার পূর্বাভাস-সম্পর্কিত সম্মেলন অনুষ্ঠিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবহাওয়ার পূর্বাভাস-সম্পর্কিত দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘কনফারেন্স অন ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড অ্যাডভান্স ইন ফিজিকস: বাংলাদেশ পারস্পেকটিভ’ শিরোনামে এ সম্মেলন হয়।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (কিউএসি) প্রধান অধ্যাপক মেজবাউদ্দীন আহমেদ।
মেজবাউদ্দীন আহমেদ তাঁর বক্তৃতায় বলেন, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা আপাতদৃষ্টিতে সম্ভব নয়। তবে এ–সম্পর্কিত জ্ঞান ও পূর্বাভাস জীবনহানি ও ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে দিতে পারে। পদার্থবিজ্ঞানের অগ্রযাত্রা ও এ-সংক্রান্ত গবেষণা মানুষকে সতর্ক হতে সহায়তা করছে। এমন একদিন আসবে, যেদিন ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ আঘাত হানার সঠিক সময় জানা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিক বিভাগের কনসালট্যান্ট আবদুল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন মাহাবুব আলম ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিবেন্দ্র শেখর শিকদার। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ইলিয়াস আক্তার।
দিনব্যাপী সম্মেলনে মোট সাতটি সেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দেড় শতাধিক গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের শিক্ষার্থীরা অংশ নেন।