খুলনায় আর পুকুর ইজারা দেবে না জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ নিশ্চিত করতে জেলার নয়টি উপজেলার ৩৮টি পুকুর খনন ও সংস্কারের জন্য নির্ধারণ করেছে খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। একই উদ্দেশ্য মাথায় রেখে জেলা পরিষদের পুকুরগুলো আর ইজারা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল সোমবার খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ কথা জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তফা কামাল।
খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলী আজগর মুঠোফোনে প্রথম আলোকে জানান, যেসব পুকুর নির্ধারণ করা হয়েছে, ওই পুকুরগুলোর পানি পান করার উপযোগী করতে যা যা করণীয়, সবকিছুই করা হবে। এর মধ্যে থাকবে পুকুর খনন, পাড় বাঁধাই, মিষ্টি পানি ধরে রাখার ব্যবস্থা ইত্যাদি।
সভায় জেলা প্রশাসক মোস্তফা কামাল খুলনা অঞ্চলের খাওয়ার পানি সরবরাহের জন্য জেলা পরিষদের পুকুরগুলো আর ইজারা দেওয়া হবে না বলে জানান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খাসজমিতে খাওয়ার পানির চাহিদা মেটাতে পুকুর খনন করতে চায়, তাহলে জেলা প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সভায় খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে কৃষ্ণনগর মৌজা, লবণচরার রূপসা ব্রিজের পাশে এবং ফুলবাড়ী এলাকায় তিনটি নতুন সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সিলেট, বরিশাল ও খুলনা মেট্রোপলিটন শহরে সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এ বিদ্যালয়গুলো স্থাপন করা হবে।
সমন্বয় কমিটির এ সভায় খুলনার সিভিল সার্জন ইয়াছিন আলী সরদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।