খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস
খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদে গতকাল রোববার আইন পাস হয়েছে।
‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০১৫’ গতকাল সংসদে পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। গত ৯ মার্চ বিলটি সংসদে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, কৃষি বিষয়ে উচ্চতর শিক্ষার প্রসার এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত আনুষঙ্গিক বিষয়ে উন্নত শিক্ষাদান, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে বিশ্বমানের প্রযুক্তি প্রয়োগ ব্যাপক সম্প্রসারণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় খুলনা অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
বিলে বলা হয়েছে, চ্যান্সেলর একজন কৃষিবিদকে চার বছরের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দান করবেন। একজন একাদিক্রমে বা অন্য কোনোভাবে দুই মেয়াদের বেশি এই পদে নিয়োগ পাবে না বলেও আইনে বলা আছে।
আইন অনুযায়ী, চ্যান্সেলরের সন্তুষ্টি অনুযায়ী ভাইস চ্যান্সেলর স্বপদে অধিষ্ঠিত থাকতে পারবেন। বিলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব বিষয় উল্লেখ আছে।