খুলনায় খালেদার জনসভায় ১০ লাখের বেশি লোক হবে: তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরিকুল ইসলাম
তরিকুল ইসলাম

আসছে ২৯ সেপ্টেম্বর খুলনায় খালেদা জিয়ার জনসভায় ১০ লাখেরও বেশি লোকের সমাগম ঘটবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেন, সমাবেশে জনগণের সর্বোচ্চ উপস্থিতি ঘটিয়ে সরকারের প্রতি গণ-অনাস্থা জানাবে জনগণ। আজ শনিবার দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে খুলনা বিভাগের ১০ জেলার বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে এক ব্রিফিংয়ে তরিকুল এ কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, বরাবরই খুলনা বিভাগ হচ্ছে জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। বিগত সিটি করপোরেশন নির্বাচনে শত প্রতিকূলতা ও সরকারের হস্তক্ষেপের পরও ১৮-দলীয় জোটের প্রার্থীর বিজয় হয়েছে। বিশাল এই বিজয়ের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া খুলনায় আসছেন। এজন্য এ অঞ্চলের মানুষ নেত্রীকে আন্দোলনে উত্সাহিত করতে রাজপথে নেমে আসার জন্য অপেক্ষার প্রহর গুনছে। তিনি ২৯ সেপ্টেম্বর খুলনার মহাসমাবেশ সফল করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ব্রিফিংয়ে তরিকুল ইসলাম আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে না জনগণ। তিনি অবিলম্বে এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান প্রমুখ।