খুলনায় গ্যাস আসতে আর কত দেরি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের কাজ ২০০৯ সালে শুরু হলেও কবে নাগাদ শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০১৪ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও ওই সময়ের মধ্যে বিদেশ থেকে গুরুত্বপূর্ণ মালামালগুলোই শুধু আসতে পারে। কর্তৃপক্ষ বলছে, গ্যাস আসতে আরও দেড় থেকে দুই বছর লাগবে।

খুলনাঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহের কাজে নিয়োজিত সুন্দরবন গ্যাস কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-খুলনা ও বাগেরহাটবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণের লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর একনেকের সভায় ৫৩০ কোটি টাকা ব্যয়ে ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্যাস নেটওয়ার্ক প্রকল্প’ পাস করে। তখন খুলনার গুরুত্ব বিবেচনায় নিয়ে মৃত শিল্পনগরকে বাঁচানোর লক্ষ্যে এগিয়ে আসে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকারকে ওই কাজ বাস্তবায়নে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে বলে এডিবি। সরকার ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডকে নিয়োগ করে। প্রশাসনিক আদেশ পাওয়ার পর সুন্দরবন গ্যাস কোম্পানি ২০১১-এর ফেব্রুয়ারিতে কাজ শুরু করে। কিন্তু ডলারের দাম বাড়ার কারণ দেখিয়ে তারা মূল বরাদ্দ বৃদ্ধি করে ৬০০ কোটিতে উন্নীত করে।

দাতাদের দেওয়া ২৮৫ কোটি টাকায় বিদেশি মালামাল কেনা ও নদীর তলদেশ দিয়ে পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়। আর বাংলাদেশ সরকারের ৩১৫ কোটি টাকায় গ্যাস কোম্পানির ভবন ও মিটারিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণ এবং ওই সব জমিতে স্থাপনা তৈরির কাজ শুরু হয়। খুলনাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য ইতিমধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার গ্যাস পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। কিন্তু ভেড়ামারায় পদ্মার তলদেশ দিয়ে পাইপলাইন স্থাপনের কাজ দুবার ব্যর্থ হয়েছে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান জানান, ২০১০ সালে খুলনায় গ্যাস দেওয়ার কথা ছিল। পরে বলা হলো, ২০১২ সালে। এখন ২০১৩ সালেও যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে ২০১৫ সালেও গ্যাস পৌঁছাবে কি না, সন্দেহ আছে।

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক এস এম রেজাউল ইসলাম জানান, খুলনায় গ্যাস আনার জন্য ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। কোম্পানির ভবন ও মিটারিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ। বিদেশ থেকেও মালামাল কেনা সম্পন্ন হয়েছে। তবে ২০১৪ সালের মাঝামাঝি সেগুলো দেশে এসে পৌঁছাবে। আর তখন নগরে গ্যাস সরবরাহ লাইন স্থাপন করা হবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, ‘খুলনায় গ্যাস নেওয়ার জন্য পদ্মা ক্রসিংয়ে (নদীর তলদেশ দিয়ে পাইপলাইন নেওয়া) ঝামেলা হয়ে গেছে। দুবার অ্যাটেম (উদ্যোগ) নিয়েও ফেল হয়েছে। এবার বড় কোম্পানি দিয়ে জোর চেষ্টা করা হচ্ছে। ওটা হওয়ার পরই বলা যাবে, কবে নাগাদ খুলনায় গ্যাস পৌঁছাবে।’