খুলনায় ডিজিটাল এক্সপো শুরু
‘প্রযুক্তিতে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে খুলনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো। চতুর্থবারের মতো আয়োজিত ডিজিটাল প্রযুক্তি পণ্য ও সেবা এবং ডিজিটাল জীবনধারাভিত্তিক ওই প্রদর্শনী চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
গতকাল রোববার দুপুরে নগরের হোটেল টাইগার গার্ডেনে ওই মেলা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক।
আয়োজকেরা বলেন, চতুর্থবারের মতো আয়োজিত এবারের মেলার স্পন্সর রয়েছে এইচপি, ডেল, অ্যাসার, আসুস, লেনোভো, হিটাচি, কিউ হান্ড্রেড ও গিগাবাইট নামের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তির দেশি-বিদেশি ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক, সরবরাহকারী ও স্থানীয় ৩২টি প্রতিষ্ঠানের সমন্বয়ে মেলায় ২৫টি স্টল ও ৮টি প্যাভিলিয়ন করা হয়েছে।
মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। তা ছাড়া সর্বসাধারণের প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা। প্রবেশ টিকিটের ওপর ভিত্তি করে মেলার শেষ দিনে র্যা ফল ড্র অনুষ্ঠিত হবে। মেলায় রয়েছে ফ্রি ওয়াইফাই জোন ও গেমিং, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া মেলা চলাকালে বিভিন্ন পণ্যের ওপর রয়েছে বিশেষ মূল্যছাড়। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব সুব্রত সরকার, মেলার আহ্বায়ক ও বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদ আকবর টুটুল, খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক প্রমুখ।