খুলনায় দিনে অবাধে চলছে ট্রাক ও বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের ভেতর দিয়ে দিনের বেলা অবাধে চলাচল করছে ট্রাক ও বাস। ভারী এসব যান চলার কারণে শহরের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দিন দিন ঝুঁকিও বেড়ে চলেছে। আর যানজটের ভোগান্তি তো আছেই।
অভিযোগ রয়েছে, এভাবে অবাধে বাস-ট্রাক চললেও নীরব ভূমিকা পালন করছে নগর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ। এমনকি পুলিশ নিয়মিত চাঁদার বিনিময়ে শহরে এ ধরনের গাড়ি ঢোকার সুযোগ করে দেয়।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস বলেন, শহরে বাস-ট্রাক ঢুকবে কি না, সে দায়িত্ব মেট্রোপলিটন পুলিশের। এখানে সিটি করপোরেশনের করার কিছু নেই। তবে তিনি চান, শহরের মধ্যে দিনের বেলা ভারী যান চলাচল বন্ধ হোক। এ ব্যাপারে পুলিশ সহযোগিতা চাইলে করা হবে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. কলিমুল্লাহ বলেন, দিনে বাস-ট্রাক চলাচলের জন্য নির্দিষ্ট রুট আছে। কিন্তু খুলনার বড় দুটি বাণিজ্যিক কেন্দ্র হলো পাওয়ার হাউস মোড়-সংলগ্ন স্টেশন সড়ক ও পাশের বড় বাজার। দিনে ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হলে সেখানে ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে। তাই দিনে ট্রাক চলাচলের ক্ষেত্রে পাওয়ার হাউস মোড় দিয়ে ময়লাপোতা হয়ে গল্লামারী শেরেবাংলা সড়কটি ব্যবহারের অনুমতি দেওয়া আছে।
কিন্তু সরেজমিনে দেখা গেছে, বাস ও ট্রাকচালকেরা পুলিশের নির্দিষ্ট করে দেওয়া রুট ব্যবহার না করে ইচ্ছেমতো শহরে চলাচল করছেন। গত শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিববাড়ী মোড়ে অবস্থান করে ময়লাপোতা হয়ে বয়রার দিকে তিনটি বড় ট্রাক, দুটি ট্রলি ও একটি বড় কাভার্ড ভ্যান যেতে দেখা যায়। এ ছাড়া ময়লাপোতা হয়ে সোনাডাঙ্গা বাস টার্মিনালের দিকে একটি বাস, একটি ট্রলি ও চারটি বড় ট্রাক যেতে দেখা গেছে। এই সময়ে সোনাডাঙ্গা থেকে ময়লাপোতার দিকে একটি বাস ও একটি ট্রাক যায়। আর সোনাডাঙ্গা থেকে শিববাড়ী হয়ে বয়রার দিকে যায় বিআরটিসিসহ সাতটি বাস ও দুটি ট্রাক। পাওয়ার হাউস মোড়ের দিকে যায় তিনটি ট্রাক।
এদিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে আধা ঘণ্টা ময়লাপোতা মোড়ে অবস্থান করে দেখা যায়, দুটি বাস, পাঁচটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান গল্লামারীর দিক থেকে এসে ময়লাপোতা হয়ে রয়াল মোড়ের দিকে গেছে। শিববাড়ী থেকে রয়াল মোড়ের দিকে যায় চারটি বাস ও দুটি ট্রাক। আর পাওয়ার হাউস মোড় থেকে গল্লামারীর দিকে যায় আটটি ট্রাক, একটি ট্রলি ও একটি কাভার্ড ভ্যান।
নির্দিষ্ট সড়কের বাইরে এভাবে বাস-ট্রাক চলছে কেন, প্রশ্নে কলিমুল্লাহ বলেন, খুলনায় এখনো ট্রাফিক নিয়ন্ত্রণ করার মতো ব্যাপার ঘটেনি। তাই বাস-ট্রাকগুলো বিভিন্ন পথ ব্যবহার করছে। এতে শহরে যানজট হচ্ছে না বলে তাঁর দাবি।
পুলিশের চাঁদা নেওয়ার বিষয়ে কলিমুল্লাহ বলেন, কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অন্তত তিনজন ট্রাকচালক নাম প্রকাশ না করে বলেন, শহরে ঢোকার মুখে গল্লামারী মোড় ও বয়রা জোড়াগেট এবং সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা দিয়ে শহরে ঢুকতে ট্রাফিক পুলিশকে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত উৎকোচ দিতে হয়।