
খুলনার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীদের নতুন প্রার্থী চান তৃণমূলের নেতা-কর্মীরা। গত ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় সভায় তাঁরা এই চাওয়ার কথা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম ও দলীয় কোন্দলের কারণে উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বর্তমান সাংসদেরা। এতে দলের বেশির ভাগ কর্মী কাজে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় তৃণমূল নেতা-কর্মীদের সংগঠিত করতে হলে এবং নির্বাচনে জয় পেতে হলে এবারের নির্বাচনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়া প্রয়োজন বলে তাঁরা মনে করছেন।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘দলীয় সভানেত্রীর সঙ্গে বৈঠকে সাংসদদের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছিলেন নেতা-কর্মীরা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী কয়েকটি দলের মাধ্যমে জরিপ করছেন। সেই জরিপের প্রতিবেদন অনুযায়ী মনোনয়ন দেওয়া হবে। যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরা বাদ পড়বেন।’
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা): আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, পরিবারতন্ত্রের মধ্যে আবদ্ধ হয়ে আছেন এই আসনের দলীয় সাংসদ সোহারাব আলী সানা। তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাই জড়িয়ে পড়েছেন নিয়োগ-বাণিজ্যে। পরিবারের বাইরে কোনো নেতা-কর্মীর কথা তিনি শোনেন না। তাই নেতা-কর্মীদের মধ্যে রয়েছে তীব্র ক্ষোভ।
পাইকগাছার হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা অভিযোগ করেন, ‘পাঁচ বছরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। সাংসদ এলাকার জামায়াত-বিএনপির কিছু লোক নিয়ে উন্নয়নের সব টাকা আত্মসাৎ করেছেন। অনেক নেতা-কর্মীকে নির্যাতন করেছেন। আমরা তৃণমূল নেতা-কর্মীরা নতুন প্রার্থী চাই।’
সাংসদ সোহারাব আলীও স্বীকার করেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাইকগাছা ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আমার সম্পর্কে অনেক অভিযোগ করেছেন।’ তবে তিনি দাবি করেন, ‘তাঁরা একটি অভিযোগেরও সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারবেন না।’
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা): এ আসনে নারায়ণ চন্দ্র চন্দ নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের এলাকা ছেড়ে ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছেন। এ ছাড়া নিজের ইটভাটাসহ নানান ব্যবসা-বাণিজ্য নিয়েই তিনি বেশি ব্যস্ত। তিনি শিক্ষক ও পুলিশ নিয়োগের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরউদ্দিন আল মাসুদ বলেন, ‘সাংসদ দলের সাংগঠনিক খোঁজ-খবর নেন না। সামাজিক ও ব্যবসায়িক কাজে বেশি ব্যস্ত থাকেন। সরকারি নানা প্রকল্প তাঁর কিছু নিজস্ব লোক নিয়ে গোপনে বাস্তবায়ন করেছেন। এতে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। তৃণমূল এখন নতুন কাউকে নিয়ে কাজ করার কথা ভাবছে।’
এ আসনে এবার মনোনয়ন চাইতে পারেন জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আকরাম হোসেন, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের মাহবুব-উল-ইসলাম ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাবাহী কমিটির সদস্য অজয় সরকার।
অজয় সরকার দাবি করেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি তৃণমূল নেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন।
খুলনা-৪ (রূপসা-দীঘলিয়া-তেরখাদা): এ আসনের সাংসদ মোল্লা জালাল উদ্দিনের কাজে সন্তুষ্ট নয় এলাকার সাধারণ মানুষ। এ ছাড়া দীঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আবদুল হালিম ও তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওই দুই উপজেলায় দলের সাংগঠনিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। হালিম হত্যা মামলার অভিযোগপত্রে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতির নাম রয়েছে। আর ইমরান হত্যা মামলায় রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম। সব মিলিয়ে দলের সাংগঠনিক অবস্থা অত্যন্ত নাজুক। দলীয় একটি সূত্র জানায়, দলের মধ্যে কোন্দল বেড়ে যাওয়ায় এখানে যিনি মনোনয়ন পাবেন, তাঁকে নিজের যোগ্যতাবলে জয়ী হতে হবে।
এ অবস্থায় মনোনয়ন পাওয়ার আশা করছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী। মোস্তফা রশিদী এ আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হন। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রথম আলোকে তিনি বলেন, ‘নানা কারণে আমাদের সাংগঠনিক অবস্থা ভালো না। আশা করছি এখানে আমাকে মনোনয়ন দেওয়া হবে।’
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর): শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্ু্নজান সুফিয়ান এ আসনের সাংসদ। বিগত নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখানকার নিজপ্রিন্ট ও টেক্সটাইল কারখানা চালুসহ নানা উন্নয়ন করা হবে। কিন্তু কোনো প্রতিশ্রুতিই পূরণ করা হয়নি।
অভিযোগ রয়েছে, তিনি মন্ত্রী হলেও এলাকায় সবকিছু দেখভাল করেন তাঁর ভাই মো. শাহবুদ্দিন। তিনি বিভিন্ন জয়গায় চাকরির ব্যাপারে বিএনপি-জামায়াতের লোকজনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তা ছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে সরকারি দলের নেতা-কর্মীদের চেয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের সুযোগ-সুবিধা দিয়েছেন। এতে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর যথেষ্ট দূরত্ব সৃষ্টি হয়েছে।
এ আসনে এবার মনোনয়ন চাইবেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান চারবার নির্বাচন করে একবার জয়ী হয়েছেন। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ নেতা-কর্মীরা আমার কাছে করেন। এবার দল থেকে আমি মনোনয়ন প্রত্যাশা করছি।’
খুলনা-২ (সদর): এ আসনে প্রার্থী হিসেবে অনেকটা সুবিধাজনক অবস্থানে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। কিন্তু যুবলীগের নেতা ও সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার অভিযোপত্রে মিজানুরসহ আরেক নেতার নাম আসায় দলে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। কিন্তু এ আসনে অপর কোনো প্রার্থীর নাম জোরালোভাবে শোনা যাচ্ছে না।
এ আসন থেকে মনোনয়ন-প্রত্যাশী হিসেবে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল আহমেদের নাম শোনা যাচ্ছে।
খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ): ননী গোপাল মণ্ডল নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এতে দাকোপে আওয়ামী লীগ তিন ভাগে ভাগ হয়ে গেছে। এই তিন ভাগের নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ, সাবেক সাংসদ পঞ্চানন বিশ্বাস ও ননী গোপাল। দলীয় এই বিভেদের কারণে কোণঠাসা হয়ে পড়েছেন ননী গোপাল।
অভিযোগ রয়েছে, ননী গোপাল দাকোপের চারটি কলেজে ৩০ জনের মতো শিক্ষক ও দুজন অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন অর্থের বিনিময়ে। এ ছাড়া ঠিকাদারদের সঙ্গে তিনি বেনামে ঠিকাদারি ব্যবসা করছেন।
অভিযোগ সম্পর্কে ননী গোপাল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগে অনেক দলাদলি থাকে। এ জন্য অভিযোগ করা হতে পারে। প্রার্থী মনোনয়ন দেওয়া হয়ে গেলে এসব আর থাকবে না।’