খুলনায় পূজামণ্ডপে 'রাম-রাবণের যুদ্ধ!'
হিমালয় পর্বত থেকে ঝরে পড়ছে ঝরনাধারা। ঝরনার এক পাশে অবস্থান নিয়েছেন দেবী দুর্গা ও অন্য পাশে অসুর বাহিনী।
শুরু হলো যুদ্ধ। প্রায় ১৪ মিনিট ধরে চলা যুদ্ধের পর দুর্গার হাতে পরাজিত হবে অসুর। এর কিছুক্ষণ পর শুরু হবে আরও একটি যুদ্ধ। তবে এবার যুদ্ধ চলবে রাম ও রাবণের মধ্যে। যুদ্ধের একপর্যায়ে রামের ত্রিশূলের আঘাতে কেটে যাবে রাবণের ১০টি মাথা।
হিন্দু পুরাণে বর্ণিত এমন কাহিনি এবার বাস্তবে ফুটিয়ে তোলা হবে খুলনার ডুমুরিয়া উপজেলার কুলটি সর্বজনীন দুর্গামন্দিরে। শুধু তা-ই নয়, প্রযুক্তির ব্যবহারে এ মন্দিরের মাঠের চারপাশে ঘুরে বেড়াবে হাতি, দর্শকদের গায়ে ছিটিয়ে দেবে পানি। আবার শুঁড় দিয়ে জড়িয়ে ধরবে ছোট বাচ্চাদের। সুযোগ থাকবে এ কৃত্রিম হাতির পিঠে চড়ারও।
পূজামণ্ডপের এক পাশে কদমগাছে বসে বাঁশি বাজাবেন শ্রীকৃষ্ণ। দেবী ভগবতী কপিলা গাভিরূপে বিরতিহীনভাবে দুধ বর্ষণ করবেন শিবের মাথায়। কৈলাস পর্বতের পাদদেশে দাঁড়িয়ে স্বয়ং শিবঠাকুর নারীদের পরিয়ে দেবেন সিঁদুর। পুরাণের এমন কাহিনিকেই বাস্তবে রূপ দেওয়া হবে ওই পূজামণ্ডপে।
শুধু তা-ই নয়, পূজায় বৈচিত্র্য আনতে দেব-দেবীর মূর্তিতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন শস্যদানা। দেবী দুর্গাকে সাজানো হয়েছে মসুর ডাল দিয়ে, লক্ষ্মীকে ধান, গণেশকে গম, সরস্বতীকে সাদা সরিষা ও কার্তিককে কালো সরিষা দানা দিয়ে।
আর এসব কাজ যাঁর হাতের ছোঁয়ায় হয়ে উঠবে অনবদ্য, তিনি হলেন পূজামণ্ডপের প্রধান ভাস্কর প্রকাশ চন্দ্র মণ্ডল। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা এই ভাস্কর মনের ধারণাকেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন।
তিনি জানান, আষাঢ় মাসের প্রথম থেকেই এ মণ্ডপে কাজ শুরু হয়েছে। মোট ১৮০টি মূর্তি তৈরি করা হবে। হিন্দু পুরাণের প্রধান কাহিনিগুলোর চিত্রায়ণ এ মণ্ডপে দেখতে পাবেন দর্শনার্থীরা। পাঁচজন সহকর্মী নিয়ে কাজ করছেন তিনি।
কুলটি সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নীহার কান্তি ফৌজদার বলেন, পূজা উৎসবকে আরও প্রাণবন্ত করতেই মূর্তিগুলোকে যান্ত্রিকভাবে উপস্থাপনের আয়োজন করা হয়েছে। ২০১২ সাল থেকেই এ মণ্ডপে বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়। এবার একে আরও বেশি মাত্রায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।