খুলনায় পোলট্রিশিল্প উন্নয়নে শোভাযাত্রা
‘পোলট্রির ডিম ও মাংস খাও, শক্তি ও বুদ্ধি বাড়াও’ প্রতিপাদ্য সামনে রেখে পোলট্রিশিল্প উন্নয়নের লক্ষ্যে খুলনা শহরে সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ওয়ার্ল্ড পোলট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার উদ্যোগে জেলা প্রাণিসম্পদ বিভাগ ও খুলনা পোলট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।
খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার-উল ইসলাম। প্রধান অতিথি বলেন, ক্ষুধা-দারিদ্র্য বিমোচন কর্মসংস্থান, স্বল্পমূল্যে মানবদেহের আমিষের জোগানদাতা হিসেবে পোলট্রি ও ডেইরি-শিল্প দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা ও অবদান রেখে চলেছে। এ শিল্পের উন্নয়নে সরকারের নেওয়া প্রকল্পগুলো পরিকল্পনা মাফিক যথাসময়ে বাস্তবায়িত হলে এর সুফল সবাই ভোগ করবে।