খুলনায় প্রথমার বইমেলা শুরু

খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে ‘প্রথমা’ প্রকাশনের বইমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ছয় দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্র জানায়, খুলনায় প্রথমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা উপলক্ষে বইয়ে থাকছে বিশেষ ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘শিক্ষা ও সংস্কৃতিসমৃদ্ধ সমাজ গড়তে বইমেলার বিকল্প নেই। নিজেকে সমৃদ্ধ করতে বই পড়ারও কোনো বিকল্প নেই। প্রথম আলো এমন একটি পত্রিকা, যেটি পথচলা শুরুর পর থেকে এখনো পাঠক জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রথমা প্রকাশনের বই আমার কাছেও আছে, আমি পড়ি। শুদ্ধভাবে বাংলা লেখার জন্য এই প্রকাশনের একটি বইকে আমি অনুসরণ করি।’ প্রথম আলো খুলনা প্রতিনিধি শেখ আল-এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথমা প্রকাশনের সহকারী ব্যবস্থাপক মো. জাকির হোসেন, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল, খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, সাপ্তাহিক জনতার মিছিল-এর প্রকাশক শেখ আবু আসলাম প্রমুখ।