খুলনায় বাংলাদেশ ইয়ুথফেস্ট ১১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রূপান্তরের জন্য জ্ঞান’—স্লোগান নিয়ে প্রতিটি বিভাগীয় শহরের মতো এবার খুলনায় বাংলাদেশ ইয়ুথফেস্ট-২০১৬ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। আগামী ১১ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিবিএফ। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় থাকবে সামাজিক সমস্যা সমাধান, প্রযুক্তি ও মুঠোফোন, বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ, ২০২৫ সালে আঞ্চলিক অর্থনীতির অবস্থা কেমন হবে ও তখনকার অর্থনীতির চালিকাশক্তি কী কী হতে পারে তা চিহ্নিত করা এবং নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়ী উদ্যোগের ধারণা উপস্থাপন।
প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য youthfest.bbf.digital ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আজ শুক্রবার সকাল থেকে এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ২৬ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন করা যাবে। এ ছাড়া যাবতীয় তথ্য পাওয়া যাবে fb/events/1080003122051574 ফেসবুক পেজে।