খুলনায় বিদেশি পোষা পাখির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি পোষা পাখি প্রদর্শনীতে ম্যাকাও পাখিও ছিল অনেক। খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটির উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শেষ হলো বিদেশি পোষা পাখির এই প্রদর্শনী l ছবি: প্রথম আলো
বিদেশি পোষা পাখি প্রদর্শনীতে ম্যাকাও পাখিও ছিল অনেক। খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটির উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শেষ হলো বিদেশি পোষা পাখির এই প্রদর্শনী l ছবি: প্রথম আলো

খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বিদেশি পোষা পাখি প্রদর্শনীর’ গতকাল শনিবার শেষ দিনেও ছিল ভিড়। পাখির কিচিরমিচিরের সঙ্গে পাখিপ্রেমীদের ভিড়ে সরব ছিল খুলনা প্রেসক্লাব মিলনায়তন।
‘দেশি পাখি মারব না, প্রকৃতি ধ্বংস করব না’, ‘বনের পাখি বনে থাক, প্রকৃতির সৌন্দর্য শোভা পাক’ স্লোগানে খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটি গত শুক্রবার থেকে দুই দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে। নতুন প্রজন্মকে মাদকমুক্ত ও বেকারত্ব দূর করার উদ্দেশ্যে এ প্রদর্শনীর আয়োজন বলে জানান আয়োজকেরা।
গতকাল প্রদর্শনীতে গিয়ে দেখা যায়, নীল-সোনালি দুটি ম্যাকাও ঘিরে আগ্রহ সবচেয়ে বেশি। তবে উৎসুক দর্শকদের পাত্তা না দিয়ে নিজেদের মধ্যে খুনসুটিতে মগ্ন দেখা গেল তাঁদের। ধূসর ও লাল পালকের গ্রে প্যারট, অস্ট্রেলিয়ান কাকাতুয়াও নজর কেড়েছে সবার।
প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থী জিনাত নাহার বলেন, তিনি নিজেও পাখি পোষেন। এখানে অনেক পাখি দেখার সুযোগ, তাই গতকাল এসেছিলেন। আজ আবার এসেছেন।
প্রদর্শনীতে অস্ট্রেলিয়া, আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও আমাজন অঞ্চলের ২৬ প্রজাতির ৩০০-এর বেশি পাখি স্থান পেয়েছে। সবচেয়ে বেশি আছে ‘বাজরিগার’, ‘লাভ বার্ড’ ও ‘স্প্যারো’। এ ছাড়া আছে প্যারাকিট, কনুর, লোরিকেট, রোজেলা, টার্কোজিয়ান, টিয়া, বদরিকা, জাভা, ফিন্স প্রভৃতি প্রজাতির পাখি। বিভিন্ন খাঁচার সামনেই স্বেচ্ছাসেবক আছেন। পাখি দেখভালসহ দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন তাঁরা।
এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটির সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, ‘পাখি পোষা মানুষের চিরন্তন শখ। কিন্তু আমরা চাই বনের পাখি বনেই থাকুক। যে পাখি খাঁচায় জন্মে ও বড় হয়, আমরা সেগুলোই পুষি।’ তিনি জানালেন, খাঁচায় পাখি পালনের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে আগ্রহ বেশি। তাঁদের প্রদর্শনীতে কোনো বন্য পাখি নেই। সব বিদেশি পাখি। মেলায় পাখি বিক্রি হচ্ছে না। কেউ কিনতে আগ্রহী হলে প্রদর্শনীর পরে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ বলেন, যাঁরা পাখি পোষার সঙ্গে জড়িত হবেন, তাঁরা কোনো দিন খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারেন না। এ বিশ্বাসের জায়গা থেকে নতুন প্রজন্মকে মাদক ও বেকারত্বমুক্ত করার উদ্দেশ্য নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।