খুলনায় বেকারি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত
খুলনায় আগামী মাস থেকে বেকারি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা বেকারি মালিক সমিতি। ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তারা দাম বাড়ানোর কারণ সম্পর্কে ভোক্তা ও সাধারণ বিক্রেতাদের জানানোর জন্য আলোচনা ও প্রচারণা চালাবে। ওই তিন দিন খুলনায় সব ধরনের বেকারি কারখানায় উৎপাদন ও বাজারজাত বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।
গতকাল খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মালিক সমিতি এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি মো. সামসুল আলম।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, কয়েক মাস ধরে বেকারি পণ্যের কাঁচামাল চিনি, তেল, ময়দা ও ফুড গ্রেড ফ্লেভারের দাম লাগামহীনভাবে বেড়েছে। মাস খানেকের ব্যবধানে চিনি প্রতি কেজি ৩৮ টাকার বদলে প্রায় ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রত্যেক শ্রমিকের মজুরিও মাসে ৪ হাজার টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। এ ছাড়া বিএসটিআই, সিটি করপোরেশনসহ বিভিন্ন লাইসেন্স ফি, ভ্যাট-ট্যাক্স, বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়েছে। এসব কারণে খুলনার প্রায় ১০০ বেকারি মালিক প্রতিনিয়ত লোকসানের সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় বেকারি পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পণ্যের দাম বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নেই।
সামসুল আলম জানান, খুলনায় উৎপাদিত বেকারি সামগ্রীর মধ্যে ১০-১২টি পণ্যের দাম ৭ থেকে ৮ শতাংশ বাড়ানো হবে।
বাজারজাত বন্ধ রেখে দাম বাড়ানো ভোক্তা অধিকারকে লঙ্ঘন করে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজারজাত বন্ধ করার আগের সময়গুলোতে বেশি মালামাল সরবরাহ করা হবে। বেকারি পণ্য তিন-চার দিন পর্যন্ত নষ্ট হয় না। তাই ভোক্তারা খুব বেশি সমস্যায় পড়বে না।
এ সময় খুলনা জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ আইনে বেকারি মালিকদের জরিমানার ক্ষেত্রে মানবিক হওয়ার আবেদন জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. মনির তালুকদারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।