খুলনায় মা-মেয়ের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
খুলনার ডুমুরিয়া উপজেলায় মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার মঠবাড়িয়া গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুজন হলেন রেশমা (২২) ও তাঁর দেড় বছরের মেয়ে মারিয়া।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গতকাল দুপুরে প্রতিবেশী এক শিশু ওই বাড়িতে যায়। দরজা ভেজানো দেখে সে ভেতরে ঢুকে ডাকাডাকি করতে থাকে। তাতে সাড়াশব্দ না পাওয়ায় পরে অন্য প্রতিবেশীরাও সেখানে যান। এ সময় তাঁরা রেশমা ও মারিয়াকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে ঢুকে দুজনের নিথর দেহ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওসি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে তাঁদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, সকালে পরিবারের সবাই একসঙ্গে খেয়েছেন। এ সময় রেশমার স্বামী মাহবুবুর রহমানও ঘরে ছিলেন। তবে ঘটনার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বাড়ি থেকে কখন বের হয়েছেন, তা কেউ বলতে পারছেন না। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াও ছিল না।
এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ মাহবুবুর রহমানকে খুঁজে বের করার চেষ্টা করছে।