খুলনায় মাহিন্দ্রা ও ট্রাকচালকদের সংঘর্ষ সড়ক অবরোধ
খুলনা নগরে মাহেন্দ্র ও ট্রাকচালকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। সে সময় ২০-২২টি ট্রাক ও মহিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রতিবাদে উভয় পক্ষ গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া তিনটা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ট্রাকচালকেরা রেলিগেট এলাকায় এবং মাহিন্দ্রার চালকেরা দৌলতপুর বেবিট্যাক্সি স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুই পক্ষের নেতাদের সঙ্গে পুলিশের মধ্যস্থতায় সোয়া তিনটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে দুই পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাতে দুই ট্রাকচালক নগরের পাওয়ার হাউস মোড় থেকে মাহিন্দ্রায় চড়ে দৌলতপুর নেমে চালকের সঙ্গে ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অন্য মাহিন্দ্রার চালকেরা সেখানে এসে দুই ট্রাকচালককে মারধর করেন। ঘটনার জের ধরে গতকাল সকালে ট্রাকচালকেরা নগরের রেলিগেট, মানিকতলা, নূরনগর ও বৈকালী এলাকায় কয়েকটি মাহিন্দ্রা ভাঙচুর করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে মাহিন্দ্রার চালকেরা একত্র হয়ে নতুন রাস্তার মোড়, দৌলতপুর, মহসিন মোড় ও রেলিগেট এলাকায় কয়েকটি ট্রাক ভাঙচুর করেন।