খুলনায় যুবদল সভাপতিসহ ১০ জেলায় আটক ৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১০ জেলায় ৬৬ জনকে আটক করেছে পুলিশ। প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন।
খুলনা মহানগর যুবদলের সভাপতি একরামুল কবির মিল্টনসহ (৫১) ৪২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। যুবদলের সভাপতি ছাড়াও আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন খুলনা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া (৪০), বিএনপির কর্মী শওকত (৪০), আরিফুর রহমান (২৮), কামরুজ্জামান (৪২), মনিরুল ইসলাম (৪২), জিয়ারুল ইসলাম (২২) এবং ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদুল আলম (২৩)। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
নোয়াখালীতে বিএনপি, ছাত্রদল ও শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আফতারামপুর গ্রাম থেকে ইউনিয়ন ছাত্রদলের নেতা আবদুল্লা মাসুদ ওরফে দুলাল এবং বিভিন্ন স্থান থেকে বুধবার রাতে বিএনপির চার ও শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মেহেদী হাসান
পাঠান (২৫) নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার চিতাশাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে গতকাল বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরাগাঁও ও নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী বুধবার রাত সাড়ে ১১টার সময় জামায়াত-বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করেছে।
ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আলীপুর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য লুৎফুল বারীকে (৫৮) বুধবার রাতে শহরের নগুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছড়ারকুল এলাকা থেকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁর মহাদেবপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরেফিন সিদ্দিকী, সভাপতি মোজাফ্ফর হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন উর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেফিন সিদ্দিকী সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর ছেলে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছাত্রশিবিরের পৌর শাখার সম্পাদক হাসনাত আহমদ শাকিলকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে।