খুলনায় রেলওয়ে দক্ষিণাঞ্চল সদর দপ্তর স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় রেলওয়ে দক্ষিণাঞ্চলের সদর দপ্তর স্থাপনের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার এ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে পৃথক দুটি সংগঠন।
ওই দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। আর বেলা ১১টার দিকে নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে খুলনা উন্নয়ন ফোরাম।
সংগঠন দুটি খুলনা থেকে রেলওয়ের দক্ষিণাঞ্চলের নতুন সদর দপ্তর ফরিদপুরে করার সিদ্ধান্তের প্রতিবাদ এবং সদর দপ্তর খুলনায় করার দাবি জানায়। ওই দাবিতে আজ মঙ্গলবার পিকচার প্যালেস মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট, ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। আর ১০ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত খুলনা রেলস্টেশনসংলগ্ন রেললাইন অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে খুলনা উন্নয়ন ফোরাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান। তিনি বলেন, সম্প্রতি সরকার ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শুরু করেছে। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে খুলনা রেলওয়ে স্টেশন আধুনিকায়ন ও বেনাপোল রেলস্টেশন অপারেশনালের কাজ শুরু হয়েছে। খুলনা থেকে কলকাতা, খুলনা-মোংলা, খুলনা-ঢাকা এবং খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ রয়েছে। খুলনা রেলস্টেশনের পাশে নদীপথ ও সড়কপথ এত কাছে যে মালামাল ওঠানো-নামানো করা অত্যন্ত সহজ। এ ছাড়া এশিয়ান হাইওয়ের প্রবেশপথসহ খুলনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে দক্ষিণাঞ্চল রেলওয়ের অবকাঠামো। এত গুরুত্বপূর্ণ অবস্থান থাকার পরও রেলওয়ের প্রস্তাবিত দক্ষিণাঞ্চল সদর দপ্তর খুলনায় রাখা হচ্ছে না। এমনকি বিভাগীয় অফিসও খুলনায় থাকছে না।
শেখ আশরাফ-উজ-জামান আরও বলেন, বিভাগীয় শহর ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবস্থান বিবেচনা করে দক্ষিণাঞ্চল রেলওয়ের সদর দপ্তর খুলনায়ই হওয়া উচিত। এতে রেলওয়ের প্রশাসনিক কাজ অনেক সহজ হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি মো. নিজাম উর রহমান, খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সাংসদ মো. মিজানুর রহমান প্রমুখ।
অন্যদিকে মানববন্ধনে নাগরিক ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য শরীফ মিজানুর রহমান, মহাসচিব এম এ কাশেম, বিভাগীয় আয়কর আইনজীবী সমিতির সভাপতি শাহনেওয়াজ আলী, নিরাপদ সড়ক চাই-এর জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার প্রমুখ।