খুলনায় লংমার্চ, স্বাগত জানাল হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চটি গতকাল শুক্রবার চতুর্থ দিনে খুলনায় এসে পৌঁছেছে। দুপুর সোয়া ১২টায় যশোর থেকে খুলনার ফুলতলা উপজেলায় প্রবেশ করে লংমার্চ। এ সময় জেলার প্রবেশপথে হাজারো নেতা-কর্মী স্লোগানে স্লোগানে লংমার্চকারীদের স্বাগত জানান।

দুপুর সাড়ে ১২টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘জীবন দিয়ে হলেও পরিবেশবিরোধী রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রতিহত করা হবে। সরকার আমাদের আন্দোলন নস্যাতের জন্য রামপালের বিভিন্ন স্থানে কর্মসূচি দিচ্ছে। আমরা সংঘাত নয়, যুক্তি ও অধিকারের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে চাই।’

ফুলতলা থেকে বেলা আড়াইটায় লংমার্চটি দৌলতপুর বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে সমবেত হয়। এখানে দুপুরে খাবার শেষে বেলা সাড়ে তিনটায় জনসভা অনুষ্ঠিত হয়। কমিটির দৌলতপুরের আহ্বায়ক শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে এখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পরে লংমার্চের বহর খালিশপুরের শিল্পাঞ্চলে গিয়ে পথসভা করে। বিকেলে শহীদ হাদিস পার্কে জনসভা অনুষ্ঠানের কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে তা পরিত্যক্ত হয়ে যায়।

ফুলতলা ও দৌলতপুরে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, বাসদের খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফ্রন্টের টিপু বিশ্বাস, সিপিবির রুহিন হোসেন প্রিন্স ও শাহ আলম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মাহমুদুল হাসান, হাফিজুর রহমান ভুঁইয়া, গাজী নওশের প্রমুখ।

খুলনায় গমনের আগে বেলা সাড়ে ১১টায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পথসভা করেন লংমার্চকারীরা। সেখানে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে সুন্দরবন বাঁচবে না। দেখা দেবে প্রাকৃতিক দৈব-দুর্বিপাক, যার ক্ষতির পরিমাণ দাঁড়াবে পাঁচ লাখ ৪০ হাজার কোটি টাকা। এই তাপবিদ্যুৎকেন্দ্রে ভারতের বিনিয়োগ মাত্র ১৫ শতাংশ। কিন্তু তারা লাভ নিয়ে যাবে অর্ধেক।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনকে কোনোভাবেই ধ্বংস করতে দেওয়া হবে না।

নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে নওয়াপাড়া পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাকির হোসেন, বৈকুণ্ঠ বিহারি, হামিদ গাজী, আবদুল লতিফ, মোসলেমউদ্দিন, চিন্ময় বিশ্বাস ও চৈতন্য পাল।

‘যেকোনো মূল্যে সর্বনাশা রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প রুখতে হবে’—এই স্লোগান সামনে রেখে গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বাগেরহাটের রামপালের উদ্দেশে যাত্রা শুরু করে লংমার্চ।

খুলনায় রাত যাপন শেষে আজ শনিবার পঞ্চম ও শেষ দিনে বাগেরহাটের রামপালের উদ্দেশে রওনা দেবেন লংমার্চকারীরা।