খুলনায় সড়ক বিভাজকের ওপর উঠে গেল বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বয়রা কলেজ রোডে একটি খালি বাস বেপরোয়া চালিয়ে নিয়ন্ত্রণ হারান চালকের সহকারী। গাড়িটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
খুলনার বয়রা কলেজ রোডে একটি খালি বাস বেপরোয়া চালিয়ে নিয়ন্ত্রণ হারান চালকের সহকারী। গাড়িটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

খুলনা শহরের বয়রা কলেজ রোডে কর্মজীবী মহিলা হোস্টেলের সামনের সড়ক বিভাজকের ওপর ঈগল পরিবহনের একটি বাস উঠে গেছে। বাসটি মূল সড়ক থেকে প্রায় দেড় ফুট উঁচু বিভাজকের ওপর পুরোপুরি উঠে যায়। গতকাল রোববার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
বাসটি মামুন (৩২) নামের এক চালকের সহকারী চালাচ্ছিলেন বলে জানা গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈগল পরিবহনের একটি খালি বাস নগরের সোনাডাঙ্গা থেকে বয়রা বাজার হয়ে বৈকালি এলাকায় ধোয়ামোছার জন্য যাচ্ছিল। ওই বাসের সহকারী খালি বাসটি বেপরোয়া চালানোয় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এ সময় সড়ক বিভাজকের ওপর কাঁটাতারের নিরাপত্তাবেষ্টনী ছিঁড়ে যায়, সৌন্দর্যবর্ধক বাতি ও গাছ নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয় বিভাজকের অংশ। পরে পুলিশ রেকার দিয়ে গাড়িটি বিভাজকের ওপর থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।
খালিশপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলহাজ আলী প্রথম আলোকে বলেন, সড়ক বিভাজকে উঠে যাওয়ার পর গাড়িটি চালু অবস্থায় ছিল এবং এর লাইট জ্বলছিল। ঘটনার পর সেখানে গিয়ে গাড়িটি উদ্ধার করে এর সহকারীকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।