খুলনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। এ কারণে আড়াই ঘণ্টা দেরিতে তাদের অনুষ্ঠান শুরু হয়। গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে জোট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খুলনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাসিমা চৌধূরী। এ ছাড়া উপস্থিত ছিলেন জোটের সদস্যসচিব শরিফুল ইসলাম, সংস্কৃতিকর্মী হুমায়ুন কবির, রকিবা খান, কাজল ইসলাম, প্রদীপ চৌধুরী, কাজল বিশ্বাস, বিপ্লব চক্রবর্ত্তী প্রমুখ।
সংবাদ সম্মেলনে জোট অভিযোগ করে, প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবসে নগরের শহীদ হাদিস পার্কে অবস্থিত খুলনা কেন্দ্রীয় শহীদ মিনারে জোটের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিয়ম অনুয়ায়ী, যথাসময়ে সিটি করপোরেশন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অনুমোদন নেওয়া হয়। অনুষ্ঠান করতে সংগঠনের আহ্বায়ক, সদস্যসচিবসহ জোটের কর্মীরা নির্ধারিত সময়ে শহীদ হাদিস পার্কে হাজির হন। কিন্তু তাঁদের অনুষ্ঠান করতে বাধা দেন সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি মেয়রের কথা উল্লেখ করে বলেন, ‘শহীদ মিনারের বেদিতে কোনো সাংকৃতিক অনুষ্ঠান করা যাবে না, এতে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হবে।’ তিনি নিরাপত্তারক্ষীদের দিয়ে কয়েক দফা অনুষ্ঠানে বাধা দেন। বিষয়টি মেয়রকে জানাতে তাৎক্ষণিক তাঁকে ফোন করা হয়। কিন্তু তিনি ফোন না ধরাতে তাঁর অফিস সহকারীকে বিষয়টি জানানো হয়। এসব কারণে বেলা তিনটার অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে পাঁচটায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘সিটি মেয়রের নির্দেশে শহীদ মিনারের বেদিতে অনুষ্ঠান না করার জন্য আমি জোটের নেতাদের অনুরোধ করেছি। এটি আমার কোনো ব্যক্তিগত বিষয় নয়।’
তবে মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এ ঘটনাকে ‘অতি উৎসাহী’ ও ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট দীর্ঘদিন ধরে এ ধরনের অনুষ্ঠান করছে। আমিও অনুষ্ঠানের অনুমতি দিয়েছি। সেখানে বাধা দেওয়ার কিছু নেই।’ তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তাঁর (নিরাপত্তা কর্মকর্তা) সঙ্গে কথা বলেছি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।’
সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, ‘শহীদ মিনারে মহান বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও পয়লা বৈশাখে অনুষ্ঠান করা আমাদের ঐতিহ্য। এতে বাধা দেওয়া পক্ষান্তরে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।’
নেতারা অবিলম্বে নিরাপত্তা কর্মকর্তা আলমগীরকে বরখাস্তসহ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা কর্মসূচি ঘোষণার হুমকি দেন।