খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩৯
খুলনায় রূপসা উপজেলায় গত বৃহস্পতিবার পিকনিকের বাস খাদে পড়ে ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ডুমুরিয়া উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত ও চার যাত্রী আহত হয়েছেন।
বাস খাদে পড়ে নিহত দুজন হলেন সাতক্ষীরার কালীগঞ্জের রূপালী ব্যাংকের নলতা শাখার ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম (৫০) ও ব্যবসায়ী মো. রোকনুজ্জামান (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপালী ব্যাংকের নলতা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে দুটি বাসে করে কুয়াকাটায় পিকনিকে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীও ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে একটি বাস রূপসা সেতুর টোল ঘরের অদূরে মলনঘাটা সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে কাত হয়ে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এলেও পানি ও কাদার কারণে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে সমস্যায় পড়েন। পরে একটি রেকার এসে বাসটিকে পানির মধ্য থেকে টেনে তোলে। অন্য বাসটিতে করে হতাহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রূপসা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশে একটি মাইক্রোবাস রওনা হয়। সকাল সাড়ে সাতটার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর-কাঁঠালতলার মঠমন্দিরের সামনে মাইক্রোবাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক আবদুর রশিদ (৪৪) নিহত হন। তাঁর বাড়ি সাতক্ষীরা শহরের ঘোষপাড়ায়। এ ছাড়া মাইক্রোবাসের চার যাত্রী আহত হন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।