খুলনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে খুলনায় ১৮ জনের নামে মামলা হয়েছে। যুদ্ধের সময় নিহত আবুল হোসেনের মা ছকিনা বেগম গতকাল মঙ্গলবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে (খ অঞ্চল) মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন গিয়াসউদ্দিন, মোমতাজ উদ্দিন, জানে আলম, নূর মোহাম্মদ, সোলায়মান, মো. আবদুর রশিদ, আমির উদ্দীন, মো. ফারুক, জয়নাল আবেদীন, মো. ফজলুর রহমান, হারান শাহা, সুখ রজনবাড়ৈ, আবদুল মান্নান খলিফা, আবদুল খালেক আজিজ, তাহের খান, নিজাম উদ্দিন বিহারী, মো. আতাউর রহমান ও আবদুল লতিফ। তাঁদের সবার বাড়ি খুলনা মহানগরে। তবে গিয়াসউদ্দিন ও মোমতাজ উদ্দিন বর্তমানে যশোরের অভয়নগর উপজেলায় বসবাস করছেন।
আদালত সূত্রে জানা গেছে, বাদীর অভিযোগ আমলে নিয়ে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমী আহমেদ মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর পাঠানোর আদেশ দিয়েছেন।
আরজিতে বলা হয়েছে, ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর আবুল হোসেনকে বাড়ি থেকে গিয়াসউদ্দিনের নেতৃত্বে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর ১৩ সেপ্টেম্বর আসামিরা আবুল হোসেনসহ ৩৬ জনকে গল্লামারী সেতুর নিচে নিয়ে যান। সেখানে ১৫ থেকে ২০ জনকে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে আবুল হোসেনও ছিলেন। বাকিদের ক্যাম্পে ফিরিয়ে আনা হয়।
সামাজিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে বাদী এত দিন মামলা করার সাহস পাননি বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।