খুলনায় ৪০টি সড়কের সংস্কার বন্ধ, নগরবাসীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের গুরুত্বপূর্ণ ৪০টি সড়কের সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে, বৃষ্টির কারণে এই কাজ বন্ধ রয়েছে। তবে ভোগান্তিতে পড়েছে ওই সড়ক দিয়ে চলাচলকারী নগরবাসী।
খুলনা সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২০০ কোটি টাকার প্রকল্প) আওতায় গত অর্থবছরে নগরের অভ্যন্তরীণ ৮০টি সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ঠিকাদারি প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে এগুলোর কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে ২৯টি সড়কের কাজ সম্পন্ন হয়েছে। প্রশাসনিক জটিলতার কারণে ১১টি সড়কের কাজ শুরু করা যায়নি। আর শুরু হয়েও মাঝপথে এসে থমকে গেছে ৪০টি সড়কের কাজ।
স্থানীয় সূত্র জানায়, নগরের উল্লেখযোগ্য ইউসুফ ও মির্জাপুর সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল গত এপ্রিলে। এ পর্যন্ত কাজের অর্ধেকও শেষ হয়নি। সড়কে ইটের খোয়া ও বালুু ফেলে রাখা হয়েছে। বৃষ্টিতে বালু সরে গিয়ে খোয়া বের হয়ে গেছে। শেখপাড়া প্রধান সড়কের কার্যাদেশ দেওয়া হয় গত ১২ এপ্রিল। আরসিসি সাইড ওয়াল নির্মাণের পর দীর্ঘদিন সড়কটি ফেলে রাখা হয়। কয়েক দিন আগে সড়কে ইটের খোয়া ও বালু ফেলা হয়েছে। তবে কাজ কবে সম্পন্ন হবে, তা কেউ বলতে পারছেন না।
সরেজমিনে সড়কগুলো ঘুরে দেখা গেছে, অধিকাংশ সড়কের কার্পেটিংয়ের কাজ বাকি। নগরের জোড়াগেট এলাকার প্রেমকানন সড়কে ড্রেনের কাজ শেষ হয়েছে। সড়কে খোয়া ও বালু ফেলে রাখা হয়েছে। সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৯ নম্বর সড়ক ও গোবরচাকা ক্রসরোডে কিছুদিন আগে খোয়া ফেলা হয়েছে। সোনার বাংলা স্কুল রোড বাইলেনে বালু ভরাটের কাজ চলছে। বি কে রায় রোডও খোয়া ও বালু দিয়ে ভরাট করা হয়েছে।
খানজাহান আলী সড়ক থেকে ফারাজীপাড়া পর্যন্ত ড্রেনের কাজ শেষ হয়েছে, কার্পেটিং বাকি। জলিল সরণির কিছু অংশে খোয়া দেওয়া হয়েছে, বাকি অংশে শুধু বালু ফেলা হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে।
নগরের মির্জাপুর সড়কের বাসিন্দা রকিবা খান বলেন, খোয়ার ওপর দিয়ে রিকশায় চলা যায় না। তাই মূল সড়ক থেকে হেঁটে বাড়ি ফিরতে হয়। শেখপাড়া এলাকার হারুন সরদার বলেন, ছয় মাস ধরে সোয়া কিলোমিটার পথ ঘুরে বাড়ি ফিরতে হচ্ছে। কত দিন এভাবে পারা যায়? এর একটা সমাধান দরকার।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অক্টোবরের শুরুতে একযোগে সব সড়কের কার্পেটিংয়ের কাজ শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।’