খুলনার অপহৃত ব্যবসায়ী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩
খুলনা থেকে ঢাকা আসার পথে অপহরণ হওয়া আকবর হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে আজ মঙ্গলবার রাজধানীর রামপুরার এক বাসা থেকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে র্যাব।
অপহরণে জড়িত অভিযোগে ওই বাসা থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা।
র্যাবের তথ্যানুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোমিনুল ইসলাম সাগর (২৬), আনোয়ার হোসেন (৩২) ও মোজাম্মেল হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ী আকবর খুলনা সদরের সামসুন্নাহার রোড এলাকার বাসিন্দা। গত ২৯ জুলাই ব্যবসায়িক কাজে তিনি ঢাকার উদ্দেশে খুলনা থেকে রওনা দেন। ৩০ জুলাই সকাল সাতটার দিকে তিনি তাঁর ভগ্নিপতিকে মুঠোফোনে জানান, তিনি সমস্যার মধ্যে আছেন, তাঁর ১০ লাখ টাকা প্রয়োজন। তখন আকবরের মুঠোফোন নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি কথা বলেন।
ওই ব্যক্তি এম ডি আনোয়ার হোসেন নামের এক লোকের একটি ব্যাংকের হিসাব নম্বরে ১০ লাখ টাকা পাঠাতে বলেন। আকবরের ভগ্নিপতি ওই হিসাব নম্বরে চার লাখ ৯৮ হাজার টাকা পাঠান। পরবর্তী সময়ে র্যাব-৩ কাছে এ বিষয়ে অভিযোগ জানালে মাঠ পর্যায়ে তদন্ত শুরু হয়।
এদিকে আকবরের অবস্থান নিশ্চিত হওয়ার পর আজ দুপুরে পূর্ব রামপুরার একটি বাসা থেকে তাঁকে উদ্ধার করা হয়। ওই বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১৪টি পাসপোর্ট, একটি ল্যাপটপ, ৯৭টি ইয়াবা, একটি ডেবিট কার্ড, একটি ক্যামেরা, ১০টি মুঠোফোন, ১০টি লোহার শিকল ও মুক্তিপণের চার লাখ চার হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।