খুলনার আ.লীগ, যুবলীগ ছাত্রলীগ সব মেয়াদোত্তীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের জন্য খুলনা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল ২০০৪ সালে। পেরিয়ে গেছে ১০ বছর। একই অবস্থা মহানগর আওয়ামী লীগেরও।
কেবল আওয়ামী লীগই নয়, একইভাবে আট বছর আগে জেলা যুবলীগের ও ছয় বছর আগে মহানগর যুবলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে। ছাত্রদের সংগঠন মহানগর ছাত্রলীগেরও মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। স্বেচ্ছাসেবক লীগ ১০ বছর ধরে একই কমিটি দিয়ে চলছে। ফলে এসব সংগঠনে নেমে এসেছে স্থবিরতা।
স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব আছে। একইভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এস এম মোস্তাফা রশিদী ওরফে সুজার মধ্যে দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বের প্রভাবে খুলনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সংগঠনই কয়েক ধারায় বিভক্ত। কর্মীরাও এখন সংগঠনের চেয়ে একেকজন নেতার পেছনে বেশি সময় দিয়ে রাজনীতি করেন। ফলে সংগঠনে কোনো শৃঙ্খলা নেই। দলের দ্বন্দ্বের কারণে খুলনা সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীরা পরাজিত হচ্ছেন।
জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো কোন্দলের রাজনীতি করি না। আমার কোনো পক্ষ নেই।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মিজানুর রহমান বলেন, ‘কোনো নেতার প্রতি কারও ভালোবাসা থাকতেই পারে। কিন্তু আমরা চাই কোন্দল না থাকুক। সবাই মিলেমিশে রাজনীতি করুক।’
আওয়ামী লীগ: ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা মহানগর এবং ১৬ জানুয়ারি খুলনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল। সম্মেলনে তালুকদার আবদুল খালেককে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করা হয়। আর শেখ হারুনুর রশিদকে সভাপতি ও এস এম মোস্তাফা রশিদী ওরফে সুজাকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি করা হয়।
২০০৭ সালের ১৭ জানুয়ারি উভয় কমিটির মেয়াদ শেষ হলেও গত সাত বছরে আর নতুন কমিটি হয়নি। একই চিত্র উপজেলা কমিটিগুলোরও।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দীর্ঘদিনেও নতুন কমিটি না হওয়ায় অনেকে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। তবে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেরই দাবি, সংগঠনে এখন আর কোনো দ্বন্দ্ব নেই।
দুরবস্থা যুবলীগে: খুলনা জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৩ সালের ২৫ মে। সম্মেলনে কামরুজ্জামান জামাল সভাপতি ও আক্তারুজ্জামানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। ২০০৬ সালে এই কমিটির মেয়াদ শেষ হলেও গত আট বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০০৮ সালের ৬ জানুয়ারি। ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয় আনিছুর রহমানকে। যুগ্ম আহ্বায়ক মনোনীত হন এস এম মনিরুজ্জামান ও মো. শামিম। তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও গত ছয় বছরে তা করতে পারেননি তাঁরা।
এরই মধ্যে মহানগর যুবলীগের সদস্য তানজির আশরাফ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ‘মেয়াদ উত্তীর্ণ কমিটির নিয়ন্ত্রক নেতাদের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক ও নেতিবাচক কর্মকাণ্ডে আমরা ক্ষুব্ধ। আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর আজ পর্যন্ত কোনো ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। অবিলম্বে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা না হলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।’
জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল বলেছেন, ‘আমরা কমিটি করতে উদগ্রীব। ১/১১, সারা দেশে জামায়াত-শিবিরের হামলা এসব কারণে কমিটি করা যায়নি। শিগগিরই কমটি করা হবে।’
ছাত্রলীগে অন্তঃকোন্দল: ২০১০ সালের ২ অক্টোবর খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলনের পর দেব দুলাল বাড়ৈকে সভাপতি ও শেখ শাহজালাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। গঠতন্ত্র অনুযায়ী ১০১ সদস্যের কমিটি হওয়ার কথা থাকলেও ২০১২ সালের ২ জুন ১৬১ সদস্যের কমিটি গঠন করা হয়। অনুসন্ধানে জানা গেছে, এই ১৬১ জনের মধ্যে ১০০ জনেরই এখন আর ছাত্রত্ব নেই।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, মহানগর ছাত্রলীগের বেশির ভাগ নেতা-কর্মী তালুকদার আবদুল খালেক ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সমর্থনপুষ্ট। আরেকটি অংশ মহানগর সাংসদ মিজানুর রহমানের অনুসারী।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, খুলনার আযম খান সরকারি কলেজসহ অধিকাংশ কলেজই দীর্ঘদিন ধরে তালুকদার আবদুল খালেকের নিয়ন্ত্রণে। মিজানুর রহমান এবার সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁর কর্মীরাও কলেজে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। ফলে এখন দ্বন্দ্ব-সংঘাত বেড়েছে। তবে দুই নেতাই এই অভিযোগ অস্বীকার করেছেন।
২০১২ সালের ১০ জানুয়ারি সম্মেলনের পর আরাফাত হোসেনকে সভাপতি ও মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কিন্তু নতুন জেলা কমিটি গঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগে সাবেক জেলা সভাপতি আবু হানিফ ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, দাকোপ, তেরখাদা ও দিঘলিয়ায় তাঁর অনুসারীদের দিয়ে উপজেলা কমিটি করে দিয়ে যান। এর ফলে ওই উপজেলাগুলোর নেতারা বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বদলে সাবেক সভাপতির কথায় চলেন। এই নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও ব্যবস্থা নিতে পারেন না বর্তমান নেতারা। কোনো সময়ে ব্যবস্থা নিতে গেলেও জেলা আওয়ামী লীগের নেতাদের বাধা দেন। ফলে শৃঙ্খলা বলতে সংগঠনে আর কিছু নেই।
তবে আবু হানিফ বলেন, যাঁদের উপজেলার নেতা বানানো হয়েছিল, তাঁরা সবাই সে সময়ের যোগ্য নেতা ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনসহ দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যের কারণে সময় পাওয়া যায়নি। তবে কেন্দ্রের সঙ্গে কথা বলে শিগগিরই তাঁরা পূর্ণাঙ্গ কমিটি করবেন।
১০ বছরেও কমিটি হয়নি স্বেছাসেবক লীগে: ছয় বছরের মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে খুলনার জাতীয় শ্রমিক লীগের কর্মকাণ্ড। আর দীর্ঘ ১০ বছরেও সম্মেলন করতে পারেনি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি। ২০০৩ সালে মানিক সারোয়ার উদ্দিনকে আহ্বায়ক করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। কিন্তু ১১ বছরেও তারা সম্মেলন এবং পূর্ণাঙ্গ কমিটিও করতে পারেনি।
শেখ মোশাররফ হোসেনকে সভাপতি ও এ মাহমুদ ডনকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয় ২০০৬ সালের জুনে। ২০০৯ সালে পরবর্তী সম্মেলন হওয়ার কথা থাকলেও গত পাঁচ বছরে তা আর হয়নি।
এ মাহমুদ বলেন, ‘১/১১-এর কারণে কেন্দ্র থেকে কমিটি না করার সিদ্ধান্ত হয়। এরপর নানা সমস্যায় আর কমিটি করা হয়নি। কেন্দ্র থেকে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি হলেই মূল কমিটি হবে।’
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মানিক সারোয়ার বলেছেন, ‘২০০৩ সালে কমিটি করার সময় আমরা বিরোধী দলে ছিলাম। আন্দোলন-সংগ্রাম করায় আমরা তখন সময় পাইনি। এরপর আমরা ক্ষমতায় এলে আমি বারবার কেন্দ্রে কমিটি করার তাগিদ দিয়েছি। কিন্তু কেন্দ্র থেকে কিছু বলা হয়নি।’