খুলনার আইনশৃঙ্খলা ঠিক রাখতে খোলা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতামূলক কার্যক্রম ঠেকাতে খুলনার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর: ০৪১-৮১২২০০।
গতকাল রোববার খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশ ও তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, ঈদুল আজহাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাজার মনিটরিং করা হবে।