খুলনার আঞ্চলিক সড়ক বেহাল ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার আঞ্চলিক মহাসড়কগুলোর অবস্থা করুণ। এসব সড়ক অনেক আগেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুলনা-চুকনগর-সাতক্ষীরা, খুলনা (রূপসা)-ফকিরহাট-বাগেরহাট ও রূপসা-তেরখাদা-মোল্লাহাট সড়ক দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়ক তিন বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী। নওয়াপাড়া থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার নষ্ট হয়ে গেছে। এর পরও ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। জলাবদ্ধতার কারণে সেখানে সড়কের ওপর পানি উঠেছে। খুলনা-সাতক্ষীরা সড়কে তালা উপজেলার সুভাষিণী পর্যন্ত যানবাহন সরাসরি যেতে পারে। এরপর সেখান থেকে রিকশাভ্যান, নছিমন-করিমনে মির্জাপুর পৌঁছাতে হচ্ছে। সেখান থেকে আবার বাসে করে সাতক্ষীরার বেনেরপোতায় যেতে হয়। এরপর সেখান থেকে রিকশাভ্যানে সাতক্ষীরায় যেতে হয়। এতে যাত্রীদের এক দিকে ভোগান্তি পোহাতে ও বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে।খুলনা (রূপসা)-ফকিরহাট-বাগেরহাট সড়কে দেখা যায়, খুলনা অংশে খানাখন্দে ভরা। গত ঈদে এই সড়কে ইট-বালু দিয়ে যে গর্ত ভরাট করা হয়, তা উঠে গিয়ে আগের চেহারায় ফিরেছে। রূপসা-তেরখাদা-মোল্লাহাট সড়কে একই অবস্থা। খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাশ প্রথম আলোকে জানান, খুলনা-চুকনগর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের খুলনা অংশের ৩৩ কিলোমিটার, রূপসা-ফকিরহাট-বাগেরহাট সড়কের খুলনা অংশের ২৯ কিলোমিটার এবং রূপসা-তেরখাদা-মোল্লাহাট সড়কের ২০ কিলোমিটারের সংস্কারকাজ ঈদুল আজহার পর শুরু হবে। ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়েছে। কিছু জেলা সড়কের সংস্কারের কাজ শুরু করা হয়েছে।