খুলনার আদালতে মুফতি হান্নানের হাজিরা
খুলনার নিরালা আবাসিক এলাকায় কাদিয়ানি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানকে গতকাল সোমবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এই মামলায় জেএমবির প্রধান প্রয়াত শায়খ আবদুর রহমানের ছোট ভাই মাওলানা ওবায়দুল হক আবদুল্লাহকেও আদালতে হাজির করা হয়।আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ৮ অক্টোবর কাদিয়ানি মসজিদে বোমা হামলার ঘটনায় সাতজন নিহত ও ৩০ জন আহত হন। ওই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে ২০০১ সালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বর্তমান সরকার আদালতের মাধ্যমে মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়। মামলা তদন্তের একপর্যায়ে মুফতি হান্নানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খন্দকার মিরাজ বিল্লাহ প্রথম আলোকে বলেন, মুফতি হান্নানকে আগেই ঢাকা সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে গতকাল তাঁকে হাজির করা হয়। তিনি আরও বলেন, ওবায়দুল হক আবদুল্লাহকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ২ মার্চ পুনরায় হাজির করার নির্দেশ দিয়ে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।