খুলনার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত সম্পন্ন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতা-কর্মীরা এ দাবি জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে খুলনায় গ্যাস সরবরাহের মন্থর গতির অবসান, বিমানবন্দরের কাজ স্বল্প সময়ের মধ্যে শুরু ও যথাসময়ে শেষ করা, খুলনা-মোংলা রেললাইনের কাজ দ্রুত করা, আধুনিক রেলস্টেশন দ্রুত শেষ করা ও খুলনা-দর্শনা রেলপথ ডাবল লাইনে উন্নীত করা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শুরু করা, সুন্দরবন রক্ষাসহ একে ঘিরে পর্যটনশিল্পের বিকাশ ও মুজগুন্নির জমিতে হোটেল-মোটেল প্রশিক্ষণালয় গড়ে তোলা, মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালু করাসহ ২২টি খাল অবৈধ দখলমুক্ত করা।
সংবাদ সম্মেলনে বলা হয়, এসব দাবিতে আগামী ১৫ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের পিকচার প্যালেস মোড়ে অবস্থান ধর্মঘট এবং ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনশন ধর্মঘট করবে সংগঠনটি।
সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সভাপতি শেখ আশরাফ উজ জামান, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক বেগম ফেরদৌসী আলী প্রমুখ।