খুলনার উৎসব আজ
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো বৃহত্তর খুলনার গণিত উৎসব আজ শুক্রবার। ঐতিহ্যবাহী খুলনা জিলা স্কুলে সকাল নয়টায় খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার উৎসবের উদ্বোধন করবেন।এ উৎসবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ১০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। নিবন্ধিত শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠানস্থলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে। এর মধ্যে যারা প্রবেশপত্র পায়নি, তাদের অনুষ্ঠানস্থলের তথ্যকেন্দ্রে যোগাযোগ করে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে ব্যাগ নিয়ে আসার জন্য বলা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের পর সোয়া এক ঘণ্টা লিখিত পরীক্ষা নেওয়া হবে। উৎসবে বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান, লুৎফুজ্জামান, হারুন-অর-রশিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলমগীর, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীন মান্নান মোহাম্মাদী, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, ডাচ্-বাংলা ব্যাংক, খুলনা শাখার প্রধান মো. মঞ্জুরুল আলম, প্রথম আলোর ফিচার উপসম্পাদক পল্লব মোহাইমেন অতিথি থাকবেন।