খুলনার কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট
ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা বেজে ২০ মিনিট। খুলনার দিঘলিয়া উপজেলার খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে একদল যুবক ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগান দিচ্ছে।
পাশের দোকানে চা খাচ্ছিলেন কয়েকজন ভোটার। ভোটের প্রসঙ্গ তুলতেই বললেন, ‘নৌকা মার্কার লোকজন প্রকাশ্যেই বলে দিচ্ছে, নৌকার ভোট ওপেনে দিতে হবে, বাকিগুলো যা খুশি।’
ওই ভোটকেন্দ্রে গিয়ে একথার সত্যতা মিলল। ওই কেন্দ্রে নৌকা মার্কার পোলিং এজেন্ট ভোটারদের বলছেন, শুধু নৌকায় মারো, মেম্বর (সদস্য) নিয়ে মাথা ঘামাইয়ো না। কয়েকজন ভোটার নৌকার পাশাপাশি কোনো একজন বিশেষ সদস্য প্রার্থীকে ভোট দিচ্ছে—এমন অভিযোগে ভোটকক্ষের মধ্যে তালা ও ফুটবল মার্কার দুই সদস্য প্রার্থীর মধ্যে কথা-কাটাকাটি ও হুমকি-ধমকিও হলো।
বেলা ১১টায় একই রকম চিত্র দেখা গেল পাশের উপজেলা ফুলতলার আটরা গিলাতলা ইউনিয়নের উত্তর শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
সেখানের ৮ নম্বর ভোটকক্ষে দেখা গেল ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নামের কার্ড ঝুলিয়ে একদল যুবক ভোট কক্ষে অবস্থান করছেন। কয়েকজন একসঙ্গে গোপন কক্ষে ভোট দেওয়ায় ব্যস্ত।
সাংবাদিক এসেছেন জানতে পেরে ওই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা অনিয়ম করতে বারণ করলে নৌকা প্রতীকের পোলিং এজেন্ট তাঁকে ধমক দিয়ে বের করে দেন। ওই পোলিং এজেন্ট চিৎকার করে বলতে থাকেন, ‘নৌকার সরকারের চাকরি করে আবার বড় বড় কথা।’ অসহায় হয়ে সে সময় সেখানে থেকে সাংবাদিকদের চলে যেতে অনুরোধ করেন প্রিসাইডিং কর্মকর্তা।
বেলা সাড়ে ১১টায় ফুলতলার দামোদর ইউনিয়নের ফুলতলা উপজেলা পরিষদ কমপ্লেক্স কেন্দ্রে গিয়ে দেখা যায়, সব কটি ভোটকক্ষের গোপন কক্ষের পাশে নৌকার এজেন্টরা বসে আছেন। ভোটাররা কোন প্রতীকে ভোট দিচ্ছেন, তা তাঁরা দেখছেন।
বেলা সোয়া একটার দিকে ফুলতলা মহিলা কলেজে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় ভোটাররা কোন প্রতীকে ভোট দিচ্ছেন, তা কক্ষের পাশে দাঁড়িয়ে দেখছিলেন নৌকার কর্মীরা। একসঙ্গে গোপন কক্ষে দু-তিনজন মিলে ভোট দিচ্ছিলেন। তাঁদের কথাবার্তায় শুধু নৌকা নিয়ে আগ্রহের ব্যাপারটা ছিল স্পষ্ট।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এস এম বদিউজ্জামান বলেন, ‘ঠিকমতো ভোট নেওয়ার চেষ্টা করছি। যতটুকু পারছি করছি।’
জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদে ভোট শান্তিপূর্ণ হয়েছে। ৬৩০টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।’