খুলনাবাসীর ১৭ দফা বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি৷ গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই দাবি জানানো হয়৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান৷ তিনি বলেন, বৃহত্তর খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রীর একাধিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বর্তমান বাজেটে তার কোনো প্রতিফলন ঘটেনি৷ যে পরিমাণ প্রতিশ্রুতি ছিল, সে অনুযায়ী এ অঞ্চলে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা নিতান্ত অপ্রতুল৷ এ সময় তিনি খুলনা জেলার বাজেটকে ‘জেলাভিত্তিক বরাদ্দ’ বলে অভিহিত করে বলেন, এ বরাদ্দ দেওয়ার আগে খুলনার সাধারণ জনগণ তথা স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও সুধী সমাজ এমনকি খুলনার উন্নয়নে সংশ্লিষ্টদের কোনো মতামত নেওয়া হয়নি—যা অত্যন্ত দুঃখজনক৷
সংবাদ সম্মেলনে বলা হয়, বিমানবন্দর নির্মাণ, সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, রেলওয়ের আধুনিকায়ন ও আইটি ভিলেজ নির্মাণের মতো খুলনার গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অনুমোদিত হয়নি৷ বিদেশি সহায়তার ওপর নিভর্রশীল ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রেখে কার্যত এ প্রকল্পগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়৷ ১৭ দফা দাবির মধ্যে রয়েছে আগামী বছরের মধ্যে খুলনায় গ্যাস লাইন সরবরাহ, মহানগরে পানি সরবরাহ, খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, খুলনায় একজন পূর্ণ মন্ত্রী নিয়োগ ইত্যাদি৷
সংবাদ সম্মেলন থেকে ১৭ দফা দাবি আদায়ে আগামী ১৬ জুন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ১৭ জুন অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং ১৮ জুন পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়৷ এই সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়৷
সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন, নাগরিক ফোরামের সহসভাপতি মিনা আজিজুর রহমান, আয়কর আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক এ বি এম মোস্তফা জামান, সাবেক সভাপতি এস এম দাউদ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিন জামাল, আইনজীবী শেখ আবুল কাশেম প্রমুখ৷